হরতালে পুলিশের বাড়তি নিরাপত্তা প্রস্তুতি
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীতে তিন দিনের হরতালের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে পুলিশের গণমাধ্যম কার্যালয়ে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য দেন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের পাশাপাশি অতীতের হরতাল থেকে নেয়া অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হরতাল আহ্বানকারীরা কী করতে পারে সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।
“অন্যান্য হরতালের মতো এবারো বিজিবি টহল থাকবে। থাকবে মোবাইল কোর্ট। গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে।”
যুদ্ধাপরাধের দায়ে সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে রবি ও সোমবার ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। অন্যদিকে মঙ্গলবার হরতার দিয়েছে বিএনপি।
পোশাকধারী পুলিশের পাশপাশি সাদা পোশাকের পুলিশও দায়িত্বপালন করবেন।
মনিরুল জানান, নাশকতা সৃষ্টির জন্য কেউ যদি চেষ্টা চালায় তা হলে নগরবাসীর সহায়তা এবং নৈতিক সমর্থন নিয়ে তা প্রতিহত করা হবে।
দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষাণার দিনে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় অবস্থান এবং সতর্কতার কারণে কেউ তাণ্ডব চালাতে পারেনি বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।
