২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবক খুন, বন্ধু আটক

গাজীপুর সদরে এক যুবককে হত্যার অভিযোগে তার বন্ধুকে েআটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 09:41 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

শনিবার সকালে চক্রবর্তীর টেক এলাকা থেকে লাল মিয়ার (১৯) লাশ উদ্ধার করে পুলিশ। লাল মিয়া টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংহচালা গ্রামের হযরত আলীর ছেলে।

আটক জাকির হোসেন (২২) একই এলাকার মো. শরফুদ্দিনের ছেলে।

চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, লাল মিয়া স্থানীয় নবী টেক্সটাইল মিলের অপারেটর ছিলেন। জাকির হোসেন স্থানীয় বেক্সিমকো পোশাক কারখানায় চাকরি করেন। তারা চক্রবর্তীর টেক এলাকায় পাশাপাশি বাড়িতে ভাড়া থাকতেন।

জাকিরের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো জানান, স্থানীয় জলিল মিয়ার ভাড়াবাড়ির একটি কক্ষে জাকির তার তিন বন্ধুর সঙ্গে থাকেন।

শুক্রবার সন্ধ্যার দিকে জাকিরের অন্য তিন বন্ধু কারখানায় কাজ করতে চলে যান। রাতে খালি কক্ষে থাকতে ভয় পাওয়ার কথা বলে জাকির লাল মিয়াকে তার কক্ষে ডেকে নেন। এরপর সুযোগ মতো জাকির জুতার ফিতা দিয়ে লাল মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন।

শনিবার সকালে বিষয়টি জানতে পেরে এলাকাবাসী জাকিরকে ধরে পুলিশে দেয়।

জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে, বলেন তিনি।