পেকুয়া ও কুতুবদিয়ায় ১৪৪ ধারা
জামায়াত-শিবিরের তাণ্ডবের পর কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
তাণ্ডবের জড়িত থাকার অভিযোগে জেলায় আটক করা হয়েছে ৪৫ জনকে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই খাজা আল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পেকুয়ায় দুপুর ২টায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ জারি থাকবে।
এদিকে একই কারণে কুতুবদিয়াও ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান কুতুবদিয়া থানার ওসি আবুল হাসেম।
জেলায় আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে জানিয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ এ পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ৪৫ জনকে আটক করেছে।”
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর বৃহস্পতিবার কক্সবাজাজুড়ে তাণ্ডব শুরু করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।
এ সময় সংঘর্ষে ১ জন নিহত এবং ১৩ জন গুলিবিদ্ধসহ ৩৬ জন আহত হয়।
ন্যদিকে জামায়াত-শিবির কর্মীরা বৃহস্পতিবার গভীর রাতে দ্বীপের বড়ঘোপ ইউনিয়নের সংখ্যালঘু অধ্যুষিত জলদাশ পাড়া এলাকায় হামলা করে বেশ কয়েকটি বাড়ি ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে খবর এসেছে।
