২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহত ৭ পুলিশকে ঢাকায় স্থানান্তর

বৃহস্পতিবার জামায়াত-শিবিরের কর্মীদের তাণ্ডবে গুরুতর আহত ঝিনাইদহ ও বগুড়ার ছয় পুলিশ ও এক আনসার সদস্যকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

ঝিনাইদহ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 07:13 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহের পাঁচ পুলিশ ও এক আনসার সদস্যকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং বগুড়ার এক পুলিশ সদস্যকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরা হলেন- ঝিনাইদহের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলি আজম, হাবিলদার বাবুল হোসেন, কনস্টেবল সেকেন্দার আলি, শহিদুল ইসলাম এবং আনসার সদস্য মকবুল হোসেন ও খয়বর হোসেন এবং বগুড়ার এসআই আজমল হোসেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, আহত পুলিশ সদস্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ২টার দিকে হেলিকপ্টারে করে তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার হরতাল চলাকালে শহরের নিশ্চিতপুর এলাকায় জামায়াত-শিবিরকর্মীদের হামলায় এসআই আজমলসহ ৬ পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ সময় হরতালকারীরা তাদের অস্ত্রও লুটে নেয় বলে জানান বগুড়া সদর থানার ওসি সৈয়দ শহিদ আলম।

আহত পুলিশ সদস্যদের প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজমলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়া সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

ওসি জানান, শুক্রবার দুপুর ১২টায় আজমলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাট, ধর্মান্তরিত করাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে জামায়াত ইসলামী নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর পরপরই সারা দেশে সহিংসতা শুরু করে জামায়াত কর্মীরা। দেশের বিভিন্ন স্থানে তাদের হামলা-সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়। 

এ ঘটনার পর সরকার সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করে।