সেরা মেধাবী নির্বাচন করবে শিক্ষা মন্ত্রণালয়
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্য থেকে ১২ জন সেরা মেধাবী নির্বাচন করবে শিক্ষা মন্ত্রণালয়।
শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য নিরসণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের তিনটি গ্রুপে ভাগ করে এই ‘জাতীয় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৩’ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উপজেলা পর্যায়ে আগামী ১১-১৩ মার্চ, জেলা পর্যায়ে ১৬-১৮ মার্চ, বিভাগ ও ঢাকা মহানগরী পর্যায়ে ২১-২৪ মার্চ এবং জাতীয় পর্যায়ে ২৯-৩০ মার্চ এ প্রতিযোগিতা হবে।
ষষ্ঠ-অষ্টম, নবম-দশম এবং ও একাদশ-দ্বাদশ শ্রেণিকে তিনটি গ্রুপে ভাগ করে ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ বিষয়ের উপর প্রতিযোগিতা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি উপজেলার স্কুল-কলেজ থেকে প্রতিযোগিতার মাধ্যমে তিনটি গ্রুপে চারটি বিষয়ে ১২ জনকে উপজেলার সেরা মেধাবী বাছাই করে জেলা পর্যায়ে পাঠানো হবে। প্রতিটি জেলা থেকে একইভাবে ১২ জনকে জেলার সেরা মেধাবী বাছাই করে বিভাগীয় প্রতিযোগিতায় পাঠানো হবে।
সাতটি বিভাগ ও ঢাকা মহানগরী থেকে নির্বাচিত ৯৬ জন সেরা বিভাগীয় মেধাবী জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। সেখান থেকেই নির্বাচন করা হবে বছরের সেরা ১২ মেধাবীকে।
জাতীয়ভাবে বছরের সেরা মেধাবী ১২ জন পাবে এক লক্ষ টাকা করে পুরস্কার। এছাড়া প্রতিটি পর্যায়ে বিজয়ীদেরকেও দেয়া হবে সনদপত্র ও পুরস্কার।
প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে নাম নিবন্ধন করাতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
