সিলেটে একুশের বইমেলা শুরু
সিলেটে বুধবার শুরু হয়েছে চার দিনব্যাপী একুশের বইমেলা।
বুধবার সকাল ১১টার দিকে নগরীর পুলিশ লাইনস মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান।
এবারের মেলার প্রতিপাদ্য, ‘বই হোক জাগরণের সাথী’।
এর আগে বইমেলা উপলক্ষে একটি শোভাযাত্রা পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সিলেট জেলা পুলিশের উদ্যোগে তৃতীয়বারের মতো এ মেলা আয়োজন করা হয়েছে। মেলায় সহযোগিতা করছে বাংলাদেশ পুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতি, সিলেট জেলা শাখা। মেলায় এবার ২৭ স্টল রয়েছে।
আয়োজকরা জানান, মেলায় বই বিক্রির পাশাপাশি কবিতা পাঠের আসর, ভাষা সৈনিকদের সংবর্ধনা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, লেখক-পাঠকদের আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা শেষ হবে শনিবার।
অনুষ্ঠানে ছিলেন সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভুঁইয়া, সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসাইন, সিলেটের সিভিল সার্জন ডা. কামরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
