মুজাহিদের বিরুদ্ধে শক্তি সাহার সাক্ষ্য শেষ
আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে ত্রয়োদশ সাক্ষী শক্তি সাহার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেলের ইশারায় একাত্তরে ফরিদপুরে বিহারিদের গুলিতে নিজের বাবার মৃত্যুদৃশ্যের বর্ণনা উঠে এসেছে এই সাক্ষীর সাক্ষ্যে।
গত ১৯ ফেব্রুয়ারি শক্তি সাহা সাক্ষ্য শুরু করেন। তা শেষ হওয়ার পর তাকে জেরা করেন আসামির আইনজীবীরা।
মঙ্গলবার ওই জেরা শেষ হওয়ার পর আগামী ৫ মার্চ প্রসিকিউশনের চতুর্দশ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল-২।
আইনজীবীদের জেরার মুখে শক্তি সাহা বলেন, “আমি যে সাক্ষ্য দিয়েছি তা সত্য। কোনো রাজনৈতিক সুবিধা পেতে বা কারো প্রলোভনে আমি সাক্ষ্য দিইনি।”
১৯ ফেব্রুয়ারি শক্তি সাহা ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়া শুরু করেন ফরিদপুরের কোতোয়ালি থানার গোয়ালচামট ওয়েস্টার্ন পাড়ার মৃত উপেন্দ্রনারায়ণ সাহার ছেলে ৫৭ বছর বয়সি শক্তি সাহা।
সাক্ষ্যে শক্তি সাহা বলেন, কোতোয়ালি থানার খবাসপুরের মুজাহিদ বাল্যকাল থেকেই তার পরিচিত।
তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আমি আমার বাড়িতে ছিলাম। ২১ এপ্রিল সকালে আমার বাবাসহ পরিবারের সবাই বাকচরে আমার বোন শ্রীমতি রানী সাহার শ্বশুর বাড়ীতে আশ্রয় নেই।”
শক্তি সাহার বক্তব্য অনুযায়ী, ওই দিন পাকিস্তানি বাহিনী ফরিদপুর শহরে ঢোকে এবং সার্কিট হাউজ, স্টেডিয়াম, ওয়াপদাসহ বিভিন্ন জায়গায় ক্যাম্প বসায়। এর সাতদিন পর ফরিদপুর শহর থেকে বিহারিরা এসে বাকচরে তার বোনের বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
“তার পরে ২৯ বৈশাখ সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আমি খলিলপুর বাজারে যাই। তখন একটি খোলা জিপে মুজাহিদ, আলাউদ্দিন খা ও মৌলবী জলিল চেয়ারম্যান বাজারে আসে। সেদিন তারা শান্তি কমিটি গঠনের উদ্দেশ্য খলিলপুর বাজারে বোর্ড অফিসে যান। এ ঘটনা আমি নিজের চোখে দেখেছি।”
“তার পরে আমি বাকচরে আমার বোনের বাড়িতে ফিরে যাই। ক্ষুধার তাড়নায় একটি গাবগাছে উঠি গাব খাওয়ার জন্য। সেখান থেকে দেখি, উপরোল্লিখিত ব্যক্তিবর্গ তাদের মিটিং সেরে বেলা আড়াইটার দিকে বাকচর গ্রামের বিনয় সরকারের বাড়ির সামনে জিপ থেকে নামে।”
মুজাহিদের হাতে একটি রিভলবার এবং বিহারীদের হাতে রাইফেল ছিল বলে জানান শক্তি সাহা।
“তারা আমার বাবা উপেন্দ্র নারায়ণসহ আরো কয়েকজনকে ধরে পিঠমোড়া করে বাঁধে। এছাড়া আরো কিছু লোককে তারা ধরে নিয়ে আসে।”
“বাবাকে ওই অবস্থাতেই পঞ্চবটি তলায় শ্রীঅঙ্গনে নিয়ে আরো ১০/১২ জনের সঙ্গে দাঁড় করায়। তখন মুজাহিদ কী যেন ইশারা দেন, তখন বেশকিছু গুলির আওয়াজ হয়। আমার বাবাসহ অন্যরা মাটিতে লুটিয়ে পড়েন।”
তিনি আরো বলেন, ঘটনার সময়ে গোয়ালন্দ থেকে একটি মেয়ে তার বোনের বাড়িতে আশ্রয় নিয়েছিল, যাকে বিহারিরা ধর্ষণ করে। ননীতা নামে আরো একটি মেয়েকেও ধর্ষণের পর হত্যা করা হয়।
এই ঘটনার পর প্রাণভয়ে এলাকা ছেড়ে ভারতে আশ্রয় নেন বলে জানান শক্তি সাহা।
গত ২১ জুন মানবতাবিরোধী সাতটি ঘটনার ৩৪টি অভিযোগে মুজাহিদকে অভিযুক্ত করে ট্রাইব্যুনাল।
এর আগে একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন মুজাহিদকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২ আগস্ট এক আবেদনের প্রেক্ষিতে তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।
