মিঠু হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
এটিএন বাংলার জ্যেষ্ঠ ক্যামেরাম্যান শফিকুল ইসলাম মিঠু (৪০) হত্যা মামলায় তিন ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
শফিকুল ইসলাম মিঠু
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. রতন, মো. সুজন ও মো. রাজু।
মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক।
২০১০ সালের ৮ মে রাতে রাজধানীর কাওলার মধ্যপাড়ার বাসা থেকে কারওয়ানজারে অফিসে যাওয়ার পথে অপহৃত হন মিঠু। পরদিন তুরাগ থানা এলাকায় তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় তুরাগ থানায় একটি হত্যা মামলা হয়। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা এই হত্যাকাণ্ডের জন্য মো. রতন, মো. সুজন, মো. রাজু ও মো. রাহাত নামে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা ছিনতাইয়ের উদ্দেশ্যে মিঠুকে একটি প্রাইভেট কারে উঠিয়ে নেন। পরে সাংবাদিক পরিচয় জানতে পেরে তাকে শ্বাসরোধে হত্যা করে তুরাগ থানা এলাকায় লাশ ফেলে পালিয়ে যায় তারা।
অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে রাহাত পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। বাকিরা গ্রেপ্তারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রায় দেয়ার আগে এ মামলায় ২০ জনের সাক্ষ্য শুনেছে আদালত।
