কুষ্টিয়ায় বোমা হামলার ঘটনায় আটক ৩
বোমা হামলায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকতা রাজিবুল ইসলামের উপর বোমা হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সি এ হালিম জানান, সোমবার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য এ সাভারের ধলপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান সুমন (৪০), ঝালকাঠি জেলার আব্দুল আজিজ খানের ছেলে জাকির হোসেন খান (৩৭) ও নওগা সদরের চকরামপুর গ্রামের ইয়াকুর আলী মন্ডলের ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মাহাবুবকে(৩৮) গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাস থেকে এদের আটক করা হয়।
সোমবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার অফিসার্স ক্লাব থেকে বাসায় ফেরার পথে ক্লাবের কাছেই উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের পাশের রাস্তায় দুর্বৃত্তদের বোমা হামলায় রাজিবুল ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক কর্মকর্তা তৌহিদুল ইসলাম আহত হন।
বোমার স্প্লিন্টারে মাথা ও শরীরে জখম হওয়া এই দুই কর্মকর্তা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
