২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাতিল সামরিক অধ্যাদেশগুলো কার্যকর হল

জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের আমলে জারি করা কিছু সামরিক অধ্যাদেশ কার্যকর রাখতে সংসদে দুটি বিল পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 05:55 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

সোমবার আইনমন্ত্রী শফিক আহমেদ বিল দুটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন।

বিল দুটি হচ্ছে- ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে জারিকৃত কতিপয় অধ্যাদেশ কার্যকরণ (বিশেষ বিধান) বিল, ২০১৩ এবং ১৯৮২ সালের  ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে জারিকৃত কতিপয় অধ্যাদেশ কার্যকরণ (বিশেষ বিধান) বিল, ২০১৩।

ডেপুটি স্পিকার বিল শওকত আলী বিল দুটি পাসের জন্য ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলের ওপর সংশোধনী ও জনমত যাচাইয়ে বাছাই কমিটিতে পাঠানোর জন্যে স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের প্রস্তাব নাকচ হয় সংসদে।

উচ্চ আদালতের রায়ে বাতিল দুই পর্যায়ে সামরিক শাসকদের সময়ে জারি করা অধ্যাদেশগুলো কার্যকরে আইনে পরিণত করতেই গত ১৯ ফেব্রুয়ারি এ বিল দুটি আনা হয়।

রোববার এ দুই বিল পরীক্ষা-নিরীক্ষা করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করে সংসদে।

উচ্চ আদালত পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরবর্তীকালে ও জিয়াউর রহমানের সামরিক শাসনামলের এবং এইচ এম এরশাদের সময়ে জারি করা অধ্যাদেশগুলো অকার্যকর হয়ে পড়ে।

এর আগে সামরিক সরকারের সময়ে জারি করা এসব অধ্যাদেশ আইনি ভিত্তি দিতে গত ১৪ জানুয়ারি দুটি আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে দীর্ঘ বৈঠক শেষে  ওইদিন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা জানান, সংবিধান অনুযায়ী, জারি করা কোনো অর্ডিনেন্স পরবর্তী সংসদ অধিবেশনেই পাস করতে হয়। এই রকম ১৭২টি অধ্যাদেশ রয়েছে। সংশোধনসহ অধ্যাদেশের সংখ্যা সাড়ে পাঁচশ’ হবে।

“বিল সংসদে পাস হলে তার কার্যকারিতা বজায় থাকবে। সরকারি কাজের ধারাবাহিকতা থাকবে। জনস্বার্থ বিঘ্নিত হবে না,” বলেছিলেন সচিব।

সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ বছরের প্রথম অধিবেশনে গত ২৭ জানুয়ারি রাষ্ট্রপতির অধ্যাদেশ দু’টি কার্যকরে সংসদে উপস্থাপন করেন শফিক আহমেদ।

সংবিধানের ৯৩ (২) অনুচ্ছেদে অধ্যাদেশ জারির পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তা অনুমোদনের কথা বলা হয়েছে।