ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
ঠাকুরগাঁও শহরের একটি স্কুল প্রাঙ্গণে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোমবার এক যুবক নিহত হয়েছেন।
মো. রফিক(২৬) নামের ওই যুবককে মারধরের পর ছুরিকাঘাত করা হলে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
রফিক ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া মহল্লার আ. রহিম এর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টার দিকে দোয়েল স্কুলের পূর্বদিকের বারান্দায় বসে রফিকসহ আরো ৪-৫ জনের সাথে ফকিরপাড়া মহল্লার আরো ৬/৭ যুবক আলাপ করছিল।
এক পর্যায়ে তাদের দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।
‘এ সময় ফকিরপাড়ার কয়েক যুবক রফিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’
অন্যরা রফিককে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিত্সকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রংপুর নেয়ার পথে ঠাকুরগাঁওয়ের বীরগঞ্জ এলাকায় রফিক মারা যায়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফয়সল মাহামুদ বলেন, এ ঘটনার পর শহরের দোয়েল স্কুলসহ আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেননি।
