গণজাগরণের ঢেউ মিরপুরে
প্রজন্ম চত্বরের বাইরে গণজাগরণ মঞ্চের দ্বিতীয় সমাবেশ হয়েছে মিরপুরে, যেখানে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার নাম হয়েছিল ‘কসাই কাদের’।
সোমবার বিকেলে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের সমাবেশ থেকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে সাম্প্রদায়িক ও মৌলবাদ বিরোধী গণজাগরণ মঞ্চকে পাড়া মহল্লায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
একইসঙ্গে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে নতুন কর্মসূচি আসে।
সমাবেশে শিশু ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা হাত তুলে যুদ্ধাপরাধীমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য শপথ পাঠ করেন।
বিকাল সাড়ে ৩টায় হাজার হাজার মানুষের এই সমাবেশ শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে। এরপর একাত্তরের সব শহীদ এবং পিলখানা বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সমাবেশে পোড়ানো হয় যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার কুশপুতুল। এরপর দুটি ট্রাকের ওপর নির্মিত মঞ্চ থেকে বক্তব্য দেন ছাত্র নেতারা।
বক্তব্য শেষে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ চৌধুরী বলেন, “গতকাল রাতে বাঙালির চেতনার জায়গা একুশে বইমেলায় হামলা করেছে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা। তারা এ দেশকে আফগানিস্তান ও পাকিস্তানের উগ্রপন্থীদের আস্তানা বানাতে চায়।
“কিন্তু এদেশের তরুণদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে এদেশে মৌলবাদীদের জায়গা হবে না।”
তিনি প্রত্যেকটি পাড়া মহল্লায় গণজাগরণ মঞ্চ গড়ে তোলার আহ্বান জানান।
ছাত্র নেতারা তাদের বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধবিরোধী দুটি পক্ষে বাংলাদেশ এখন বিভক্ত। যেকোনো একটি পক্ষে আসতে হবে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, “একাত্তর সালেও ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল স্বাধীনতা বিরোধীরা। তারা তখনও সফল হয়নি, এখনও সফল হবে না।”
দেশবিরোধীদের প্রতিহত করার জন্য সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান তিনি।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক বলেন, “একাত্তর সালেও দুটি পক্ষ হয়েছিল দেশে। একদিকে ছিল দেশদ্রোহী আর অন্যদিকে দেশপ্রেমিক জনতা। আজও একই অবস্থা হয়েছে।”
“দেশদ্রোহী গোষ্ঠীকে নিষিদ্ধ করতে হবে এবং দেশ থেকে উৎখাত করতে হবে।”
এদিকে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের স্মারকলিপি দিতে মঙ্গলবার বিকাল ৪টায় শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাওয়ার কর্মসূচি ঘোষণা করেন ইমরান।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে মিরপুরের সমাবেশ ছড়িয়ে পড়ে আগাঁরগাও, সনি সিনেমা হল, ১৪ নম্বর এবং পল্লবী থেকে গোল চত্বরমুখী রাস্তায়।
স্কুলে কলেজের শিক্ষার্থী দুপুর থেকেই যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগান দিতে দিতে মিরপুরে জমায়েত হতে শুরু করেন। এক পর্যায়ে সমাবেশ এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
প্রজন্ম চত্বরের বাইরে গণজাগরণ মঞ্চের উদ্যোগে শনিবার প্রথম সমাবেশ করা হয় রায়েরবাজার বধ্যভূমিতে। হাজার হাজার মানুষ জাতীয় পতাকা হাতে ওই সমাবেশে উপস্থিত হয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শপথ নেন।
মঙ্গলবারও যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন অব্যাহত রাখা এবং স্বাধীনতাবিরোধীদের বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও গণমাধ্যম বন্ধের শপথ নেয়া হয়।
মিরপুরের পর বুধবার আরেকটি সমাবেশ হবে রাজধানীর বাণিজ্যকেন্দ্র মতিঝিলে।
জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগের এই আন্দোলন শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে।
শাহবাগের দাবির প্রতি সংহতি জানিয়ে সরকার ইতোমধ্যে ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে। যার মধ্য দিয়ে কাদের মোল্লার সাজা বাড়াতে আপিলের পাশাপাশি যুদ্ধাপরাধের দায়ে দল হিসাবে জামায়াতের বিচার করার পথ তৈরি হয়েছে।
