২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে খেলাফত -পুলিশ সংঘর্ষ,আহত অর্ধশত

কিশোরগঞ্জে সমমনা ইসলামী দলের কর্মীদের সঙ্গে পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অর্ধশত আহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 03:39 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

সোমবার বিকালে ওই সংঘর্ষ থামাতে  ৩০ রাউন্ড রাবার বুলেট ও ২০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়। আহতদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হন বলে পুলিশ জানিয়েছে।

আহতদের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,সংঘর্ষের ঘটনায় পুলিশের অন্তত ৩০ জন আহত হয়েছে।ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, ‘মহানবীকে অবমাননার’ প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী শাসনতন্ত্র ও সমমনা দলগুলো বিকালে শহরের শহীদী মসজিদের সামনে সমাবেশে জড়ো হয়। নাশকতার আশঙ্কায় তাদের কর্মসূচিতে বাধা দিলে বিক্ষোভকারীরা পুলিশকে জুতা ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, ইসলামী দলগুলোর কর্মীরা তিন দিক থেকে পুলিশের উপর আক্রমণ শুরু করলে তারা আত্মরক্ষার্থে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।

সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা পুলিশের সঙ্গে যোগ দেয় বলে জানান কয়েকজন প্রত্যক্ষদর্শী।