২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম আল মামুন মারা গেছেন

১৮ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 03:36 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

তার  বয়স  হয়েছিলো ৬৫ বছর।

দলের যুগ্ম মহাসচিব আবদুল মতিন সউদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে গত কিছুদিন ধরে শামীম আল মামুন ধানম-ির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিকাল ৪টায় তিনি মারা যান।

পুুপলার হাসপাতাল থেকে সন্ধ্যায় প্রয়াতের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হয়। 

আবদুল মতিন আরো জানান, মঙ্গলবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রয়াতের নামাজে জানাজা শেষে তার কফিন টাঙ্গাইল নিয়ে যাওয়া হবে। টাঙ্গাইলে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

শামীম আল মামুনের মৃত্যুতে সিঙ্গাপুরে অবস্থানরত বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তা খালেদা জিয়া বলেন,  “তিনি (শামীম আল মামুন) ছিলেন বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকারের পক্ষে এক আপষহীন সংগ্রামী নেতা। বর্তমান স্বৈরশাসনের বিরুদ্ধে নির্ভিক চিত্তে ১৮ দলের সব কর্মসূচি বাস্তবায়ন করেছেন তিনি।’’

তিনি প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পৃথক শোকবার্তায় প্রয়াত শামীম আল মামুনের প্রতি শ্রদ্ধা জানান।