২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের হয়রানির প্রতিবাদে বগুড়ায় অবরোধ

সিরাজগঞ্জের কড্ডার মোড়ে পুলিশের হয়রানির প্রতিবাদে বগুড়ায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বগুড়া/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 01:59 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

বগুড়া বাইপাস সড়কের মাটিডারী ও চারমাথা এলাকায় এ অবরোধ চলে দুপুর দেড়টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এ সময় ঢাকার সঙ্গে বগুড়া, জয়পুরহাট, নওগাঁসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় চলাচলকারী শত শত যানবাহন আটকা পড়ে। যাত্রীদের দুর্ভোগ পেহাতে হয়।

বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল হামিদ মিটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম থানার কড্ডার মোড়ে পুলিশ যানবাহনের কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি ও চাঁদা আদায় করে আসছে অনেকদিন থেকে। 

সোমবার দুপুর ১টার দিকে নওগাঁ থেকে ঢাকার মহাখালীগামী বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের একটি কোচ থামিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল টাকা দাবি করেন।

এ খবর পেয়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা এসআই দুলালের প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে।

পরে হাইওয়ের অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক ও বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর ওয়ারিশ এই এসআইকে প্রত্যাহারের ঘোষণা দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক বলেন, আলোচনার পর শ্রমিক নেতারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধিকে এসআই দুলাল হোসেন বলেন, গাড়ির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার সময় বাসের চালক ও সহকারী মালিকের মোবাইল ফোনে কথা বলতে বলেন।

“কিন্ত আমি কথা বলিনি। এমনকি ওই মালিক ফোন করলেও আমি ধরিনি। এতে ক্ষুব্ধ হয়ে তারা সড়ক অবরোধ করেছে। এ ঘটনায় আমাকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে,” বলেন তিনি।