মোবারকের বিরুদ্ধে ৫ ধরনের অভিযোগ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়ীয়ার মোবারক হোসেনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক ও নির্যাতনসহ ৫ ধরনের অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
মোবারক হোসেন
জামিনে থাকা মোবারকের বিরুদ্ধে এই অভিযোগ আমলে নেয়া হবে কি না আগামী ১১ মার্চ সে বিষয়ে শুনানি করবে ট্রাইব্যুনাল-১।
ওই দিন পর্যন্ত তার জামিনের মেয়াদও বাড়ানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি এটিএম ফজলে কবীর।
প্রসিকিউটর সাহিদুর রহমান পরে সাংবাদিকদের বলেন, “ট্রাইব্যুনালের ধার্য তারিখ অনুযায়ী সোমবার মোবারক হোসেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনাল এ বিষয়ে শুনানির জন্য ১১ মার্চ দিন ধার্য করেছেন।”
৬ মাস ৭দিন তদন্ত শেষে তদন্ত সংস্থা ট্রাইব্যুনালকে জানিয়েছে, মোবারকের বিরুদ্ধে হত্যা, গণহত্যাসহ বিভিন্ন পাঁচ ধরনের অভিযোগ পেয়েছে শ্যামল চৌধুরী নেতৃত্বাধীন তদন্ত দল।
এর মধ্যে আখাউড়া থানাধীন টানমান্দাইল ও জাঙ্গাইল গ্রামে ৩৩ জনকে গণহত্যা, আনন্দময়ী কালীবাড়ী রাজাকার ক্যাম্পে আশু রঞ্জন দেবকে নির্যাতন, ছাতিয়ানা গ্রামের শহীদ আব্দুল খালেককে হত্যা, শ্যামপুর গ্রামের দুই জনকে অপহরণ করে একজনকে হত্যা এবং খরমপুর গ্রামের একজনকে আটক রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে।
১৯৭১ সালের অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে এসব অপরাধ ঘটানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া থানার নয়াদিল গ্রামের সাদত আলীর ছেলে মোবারক হোসেন স্বাধীনতার পর জামায়াতের ইউনিয়ন রুকন ছিলেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হলেও দুই বছর আগে তাকে বহিস্কার করা হয়।
১৯৭১ সালের একটি হত্যা মামলায় ২০১১ সালের ৯ অক্টোবর মোবারককে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল। গতবছর ১৬ জুলাই তাকে জামিন দেয়া হয়। এরপর কয়েক দফা তার জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়।
