‘যেখানে থেমে ছিল সেখান থেকেই শুরু’
নিজস্ব অর্থায়নে থেমে থাকা পর্যায় থেকেই পদ্মা সেতুর কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
“আগের ডিজাইনেই পদ্মা সেতুর কাজ শুরু হবে। আমরা যেখানে থেমে ছিলাম, সেখান থেকেই কাজ শুরু হবে।”
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে দেখা করতে রোববার রাত সাড়ে ৯টায় ওয়াশিংটন যাওয়ার কথা অর্থমন্ত্রীর।
তার আগে সন্ধ্যা সাড়ে ৬টায় এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে মুহিত বলেন, “আমরা নিজের টাকায় পদ্মা সেতু করবো। এটা ইতোমধ্যে বলা হয়েছে। এর জন্য প্রতিবছর লাগবে পাঁচ হাজার কোটি টাকা।”
“দেশের অভ্যন্তরে রাজস্ব আদায়, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং রপ্তানি আয়ের যে ইতিবাচক প্রবৃদ্ধি হচ্ছে তাতে এই অর্থ যোগান দেওয়া কোনো সমস্যা হবে না।”
নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা হলে বিদেশি ভালো ঠিকাদার প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেবে কি না- এ প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “কেনো আসবে না। অবকোর্স (অবশ্যই) আসবে। আমরা ইতিমধ্যেই ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের এফসি (ফরেন কারেন্মি) একাউন্ট খুলেছি।”
পদ্মা সেতুর ব্যাপারে অন্য কোনো দেশ প্রস্তাব দিয়েছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “চীনের কোনো প্রস্তাব নেই। মালয়শিয়ারটা অনেক এক্সপেনসিভ। আমাদের সঙ্গে অনেক ডিফারেন্স।”
ওয়াশিংটন সফরের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুহিত বলেন, “২৭ ফেব্রুয়ারি বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে আমার বৈঠক হবে। ওই বৈঠকে আমি বিশ্ব ব্যাংকের প্রধানকে অনুরোধ করবো তারা পদ্মা সেতুতে যে ১ দশমিক ২ বিলিয়ন ডলার দিতে চেয়েছিল তা যেনো আমাদের অন্য সব প্রকল্পে ডাইভার্ট (স্থানান্তর) করে।”
পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন না নিলেও অন্য সব খাতে বিশ্ব ব্যাংকের ঋণ-সহায়তার কোনো প্রভাব পড়বে না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “পদ্মা সেতু নিয়ে ভুল বোঝাবুঝির কারণে আমাদের উন্নয়ন প্রকল্পে বিশ্ব ব্যাংকের সহায়তা কমবে না। উল্টো বাড়ছে।”
“ইতিমধ্যেই বিশ্ব ব্যাংক আমাদের ৩০০ মিলিয়ন ডলারের একটি প্রকল্পে ২০০ মিলিয়ন ডলার বাড়িয়েছে।”
২ মার্চ অর্থমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে টানাপোড়েনের মধ্যেই বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার জন্য জানুয়ারি মাসের শেষের দিকে চিঠি লিখেন অর্থমন্ত্রী।
গত ৩১ জানুয়ারি ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পের প্রধান ঋণদাতা সংস্থা বিশ্ব ব্যাংকের অর্থ না নেয়ার সিদ্ধান্ত জানায় সরকার।
