পাবনায় হরতালে নিহতদের দাফন সম্পন্ন
পাবনায় জামায়াতের হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত দুজনকে জানাযা শেষে দাফন করা হয়েছে।
নিহত আলাল হোসেন (২২) ও সিরাজুল ইসলামকে (২৫) নিজ দলের কর্মী বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।
রোববার পাবনা সদরের পুষ্পপাড়া বিপি স্কুল মাঠে তাদের জানাযা হয়।
পরে আলাল হোসেনকে ধর্মগ্রাম কবরস্থানে এবং সিরাজুল ইসলামকে দোগাছি ইউনিয়নের রাঘবপুর কবরস্থানে দাফন করা হয়।
শনিবার জামায়াত-শিবিরকর্মীরা পাবনা-ঢাকা মহাসড়কের মন্দিরপুর, জালালপুর, ধোপাঘাটা, পুষ্পপাড়া, মাধপুরসহ বেশ কয়েকটি স্থানে লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে নিয়ে অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে নিহত হন দুজন। পুলিশসহ অন্তত ৪০ জন আহত হন।
