২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হরতাল আরোপের চেষ্টা ব্যর্থ হয়েছে’

বিএনপি ও জামায়াতের সমর্থনের পরও ধর্মভিত্তিক দলগুলোর ‘হরতাল আরোপের চেষ্টা’ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 12:03 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

রোববার সচিবালয়ে গ্রীসের নাগরিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী নিকোলাস ডেনডিয়াসের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “আজ তারা তাদের তরফ থেকে সারাদেশে হরতাল আরোপের অপচেস্টা চালিয়েছিল, আপনারা লক্ষ্য করেছেন তাদের সে অপচেস্টা ব্যর্থ হয়েছে।”

“জনগণ যা চায় না তা জোর করে কেবল পেশী শক্তির মাধ্যমে কোন গোষ্ঠী বিশেষের তরফ থেকে চাপিয়ে দেয়া যায় না-এটি প্রমাণিত হয়েছে।”

শাহবাগে ‘ইসলামবিরোধী’ তৎপরতার অভিযোগ এনে গত শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন স্থানে মুসল্লিদের মিছিল থেকে গণজাগরণ মঞ্চ ভাংচুর হয়, যাতে জামায়াত-শিবিরের উস্কানি ছিল বলে পুলিশ জানিয়েছে।

সেদিন পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষে নিহত হয় চার জন। এর প্রতিবাদে রোববার সারাদেশে হরতাল ডাকে ধর্মভিত্তিক ১২ দল।

এই হরতালে বিএনপি ও জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে সমর্থনের কথা জানিয়েছে।

মহীউদ্দীন খান আলমগীর বলেন, “যে গোষ্ঠী বিশেষ এ কাজ করছে, যে সকল রাজনৈতিক দলের ছত্রছায়ায় প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে এসব চলছে, তাদের দমন ও সীমিত করা এবং যথাযথভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য আমারা এখন নিজেদের তৈরি করছি।”

শুক্রবার সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী বলেন, এ ধরনের হামলা কোন সুস্থ মস্তিষ্কের রাজনৈতিক সংগঠন ও ব্যক্তি বিশেষের তরফ থেকে উৎসাহিত হতে পারে না।”

যারা হামলা করেছে তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, “তাদের দমন করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ, দমন করার জন্য ইতোমধ্যে যে পদক্ষেপগুলো নিয়েছি সে পদক্ষেপ নিয়ে আপনারা অবগত আছেন।”

তবে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে জানতে চাইলে সরাসরি কোনো জবাব দেননি এই সাবেক আমলা।

গ্রীসের মন্ত্রীর সঙ্গে দুটি বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “দুদেশের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে দুদেশের নিরাপত্তা বাহিনী ও পুলিশ বাহিনীর মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনে একটি সমঝোতা স্বারক সই করার বিবেচনা করা হবে।”

গ্রীসে বাংলাদেশের শ্রমিকদের কল্যাণে দুই সরকারের তরফ থেকে তাদের প্রতি অধিকতর সহানুভিতিশীল আচরণ করার বিষয়ে কথা হয়েছে বলেও জানান মহীউদ্দীন খান আলমগীর।

তিনি বলেন, “বর্তমানে গ্রীসে অবস্থানরত বাংলাদেশিদের কাগজপত্র বৈধতা সম্পর্কে তথ্য যাচাইয়ের বা ব্যখ্যার জন্য গ্রীসের দিল্লি দূতাবাস থেকে কার্যক্রম চালানো হতো, কিন্তু এখন থেকে এথেন্সে বাংলাদেশে দূতাবাস থেকেই তা যাচাই করা হবে।”