সংসদে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স বাড়ানোর বিল
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা বাড়িয়ে ৬০ বছর করার বিল জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে।
গত বছর এ নিয়ে জারি করা অধ্যাদেশ আইনে পরিণত করতে বিলটি রোববার বিকেলে সংসদে উত্থাপন করেন সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
পরে জাতীয় সংসদে পাবলিক সার্ভেন্টস (রিটায়ারমেন্ট) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩টি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, ১৯৭৪ সালের পাবলিক সার্ভেন্টস (রিটায়ারমেন্ট) আইন অনুযায়ী সরকারি চাকরিতে কর্মরত মুক্তিযোদ্ধা গণ কর্মচারীরা ৫৯ বছর বয়সে অবসর গ্রহণ করেন।
গত বছরের ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধা কর্মচারিদের অবসর গ্রহণের বয়স ৬০ বছর করতে অধ্যাদেশ (পাবলিক সার্ভেন্টস (রিটায়ারমেন্ট) (সেকন্ড এমন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০১২ জারি করা হয়। অধ্যাদেশটি আইনে পরিণত করতে বিলটি উত্থাপন করা হয়েছে।
চারটি বিলের প্রতিবেদন উপস্থাপন
উচ্চ আদালতের রায়ে বাতিল দুই পর্যায়ে সামরিক শাসকদের সময়ে জারি করা অধ্যাদেশগুলো কার্যকরে আইনে পরিণত করতে আনা দুটি বিলের প্রতিদেন সংসদে উপস্থাপিত হয়েছে।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ফজলে রাব্বী মিয়া , ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে জারিকৃত কতিপয় অধ্যাদেশ কার্যকরণ (বিশেষ বিধান) বিল, ২০১৩ এবং ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে জারিকৃত কতিপয় অধ্যাদেশ কার্যকরণ (বিশেষ বিধান) বিল, ২০১৩ এর প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন।
উচ্চ আদালত পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরবর্তীকালে ও জিয়াউর রহমানের সামরিক শাসনামলের এবং এইচ এম এরশাদের সময়ে জারি করা অধ্যাদেশগুলো অকার্যকর হয়ে পড়েছিল।
উত্থাপিত বিল দুটি যাচাই করে প্রতিবেদন দেয়ার জন্য গত ১৯ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।
এছাড়া তিনি প্রেসিডেন্টস (রিম্যুনারেশন এ্যান্ড প্রিভিলেজ) (এমেন্ডমেন্ট) বিল, ২০১৩; স্পিকার এ্যান্ড ডেপুটি স্পিকার (রিম্যুনারেশন এ্যান্ড প্রিভিলেজ) (এমেন্ডমেন্ট) বিল, ২০১৩ এর উপর প্রতিবেদনও উপস্থঅপন করেন।
বিকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
