২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালবিরোধী মিছিলে সরব রাজপথ

হরতালে শাহবাগবিরোধী ইসলামী দলগুলোর কর্মীদের তৎপরতা দেখা না গেলেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রাজপথে ছিল হরতালবিরোধী মিছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 09:02 AM

Updated : 13 Oct 2022, 02:48 PM

ইসলামী ও সমমনা দলগুলোর রোববারের এই কর্মসূচি প্রতিরোধের ডাক দেয় গণজাগরণ মঞ্চ।

সকালে রাজধানীর শাহবাগ থেকে দৈনিক বাংলার মোড় পর্যন্ত মিছিলে অংশ নেয় কয়েক হাজার মানুষ। মিছিল হয়েছে ঢাকার অন্য স্থানেও।

ঢাকার বাইরেও জেলাগুলোতে হরতালবিরোধী মিছিল হয়েছে। গণজাগরণ মঞ্চের পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন  সহযোগী সংগঠনও মিছিল করেছে।

শাহবাগে ‘ইসলামবিরোধী’ তৎপরতার অভিযোগ এনে গত শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন স্থানে মুসল্লিদের মিছিল থেকে গণজাগরণ মঞ্চ ভাংচুর হয়, যাতে জামায়াত-শিবিরের উস্কানি ছিল বলে পুলিশ জানিয়েছে।

সেদিন পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষে নিহত হয় চারজন। এর প্রতিবাদে রোববার সারাদেশে হরতাল ডাকে ইসলামী সমমনা ১২ দল।

হরতাল প্রতিরোধের ঘোষণা দেয়া গণজাগরণ মঞ্চের বক্তব্য, তারা শুধু জামায়াত নিষিদ্ধের দাবি জানালেও এই দলটি যুদ্ধাপরাধের ফাঁসি দাবির এই আন্দোলনকে ‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে ইসলামী অন্য দলগুলোকে বিভ্রান্ত করছে।

Image
শাহবাগ থেকে গজাগরণ মঞ্চের হরতালবিরোধী মিছিল।

শাহবাগ থেকে গজাগরণ মঞ্চের হরতালবিরোধী মিছিল।

গণজাগরণ মঞ্চের হরতালবিরোধী মিছিল সকালে শাহবাগ থেকে শুরু হয়ে মৎস্য ভবন, প্রেসক্লাব, পল্টন দৈনিক বাংলা হয়ে শাহবাগে এসে শেষ হয়।

সকাল থেকে রাজধানীর পল্লবী, মিরপুর ১০, বংশাল, মহাখালী, নিউ মার্কেট, হাজারীবাগসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর ব্যানারে হরতালবিরোধী মিছিল হয়।

সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বরে এবং প্রায় কাছাকাছি সময়ে পল্লবীতে দুটি মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগ।

মহাখালী এলাকায় ছাত্রলীগের তিতুমীর কলেজ শাখার নেতা-কর্মীরা সকাল থেকে দুপুর পর্যন্ত মিছিল চালিয়ে যায়।

হরতালবিরোধীরা মোটর সাইকেল ও রিকশা মিছিলও বের করে মহাখালী-গুলশান সড়কে।

বেলা ১১টার দিকে বংশাল ও কোতোয়ালি থানা আওয়ামী লীগ যৌথভাবে একটি হরতালবিরোধী মিছিল বের।

সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে হাজারীবাগে একটি হরতালবিরোধী মিছিল দেখা যায়।

এসব মিছিল থেকে জামায়াত-শিবির নিষিদ্ধের স্লোগান দেয়া হয়। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিও জানানো হয়।

বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

কুড়িগ্রাম: আওয়ামী লীগসহ ১৪ দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

Image
কুড়িগ্রামে হরতালবিরোধী মিছিল।

কুড়িগ্রামে হরতালবিরোধী মিছিল।

সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করে।

আমিনুল ইসলাম মণ্ডল মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, জেলা জাসদের সভাপতি এমদাদুল হক এমদাদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান প্রমুখ।

পরে জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ভ্রাম্যমাণ গণজাগরণ মঞ্চে গণসংগীত পরিবেশন করে।

জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবুর নেতৃত্বে ট্রাক যোগে এ গণজাগরণ মঞ্চ কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে ১০টি পয়েন্টে সমাবেশ করে।

রাজশাহী: হরতালের প্রতিবাদে নগরীর একাত্তর মঞ্চ থেকে ফেইসবুক এ্যাকটিভিস্ট গ্রুপের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়। সকাল ১১টায় শুরু হওয়ার এ মিছিলে জাতীয় পতাকা হাতে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ মিছিলে অংশ নেন।

এর কিছু পরেই আওয়ামী লীগ নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে হরতালবিরোধী আরেকটি মিছিল বের করে।

সিলেট: দুপুর ১২টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার জাগরণ মঞ্চ থেকে আওয়ামী লীগের নেতৃত্বে হরতালবিরোধী একটি মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে ফিরে আসে।

একই স্থান থেকে বিকাল ৪টায় গনমঞ্চের ব্যনারে রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা হরতালবিরোধী মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ব্রাহ্মণবাড়িয়া: সকাল ১০টার দিকে শহরের লোকনাথ দিঘীর পাড় থেকে জনতা মাথায় জাতীয় পতাকা বেঁধে একটি হরতালবিরোধী মিছিল বের করে।

পরে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও হরতালের বিপক্ষে মিছিল করে।

Image
চাঁদপুরে হরতালবিরোধী মিছিলের পর আমার দেশ পত্রিকাটির কয়েকটি কপি পোড়ায় ছাত্রলীগকর্মীরা।

চাঁদপুরে হরতালবিরোধী মিছিলের পর আমার দেশ পত্রিকাটির কয়েকটি কপি পোড়ায় ছাত্রলীগকর্মীরা।

চাঁদপুর: সকাল থেকে জেলা যুবলীগ শহরে দফায় দফায় হরতালবিরোধী মিছিল বের করে। এছাড়া এদিন মিছিল থেকে আমার দেশ পত্রিকায় অগ্নিসংযোগ করে ছাত্রলীগ।

নোয়াখালী: সকালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের উদ্যোগে শহরে হরতালবিরোধী মিছিল বের হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জয়পুরহাট: হরতাল প্রতিরোধে শহরের প্রধান সড়কে সকালে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ।

খুলনা: রাজপথ মূলত  আওয়ামী লীগসহ ১৪ দলের দখলে ছিল। দুপুর ১২টায় খুলনার শামীম স্কয়ার মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী সমাবেশ করে আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শেখ হায়দার আলী, এ. এফ. এম মাকসুদুর রহমান, কাজী এনায়েত হোসেন, মল্লিক আবিদ হোসেন কবির, এমডিএ বাবুল রানা, মোঃ মাহবুব আলম সোহাগ, আবুল কালাম আজাদ, অ্যাডঃ খন্দকার মজিবর রহমান, প্যানেল মেয়র আজমল আহমেদ তপন, বেগ লিয়াকত আলী প্রমুখ।

সমাবেশ শেষে একটি হরতালবিরোধী মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।