মংলায় ক্লিংকার বোঝাই কার্গো ডুবি, শ্রমিক নিখোঁজ
মংলা সমুদ্রবন্দরের বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকার বোঝাই একটি কার্গো ডুবেছে। নিখোঁজ রয়েছেন দুই শ্রমিক।
রোববার ভোর ৬টার দিকে বন্দরের হাড়বাড়িয়া এলাকায়
এমভি মোকছেদপুর-২ নামের কার্গোটি ডুবে যায় বলে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম জানান।
তিনি বলেন, সেনাকল্যাণ সংস্থার (এলিফেন্ট ব্রান্ড সিমেন্ট) আমদানি করা সিমেন্ট ক্লিংকার বড় জাহাজ থেকে বোঝাই করার সময় কার্গোতে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর সেটি পানিতে তলিয়ে যায়।
তলা ফেটে কার্গোটি ডুবে যেতে পারে বলে ধারণা করছেন তারা।
এ সময় কার্গোতে ক্লিংকার বোঝাইয়ে নিয়োজিত শ্রমিকদের মধ্যে মুরাদ (২০) ও শাহাদাতের (২২) খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের দুজনের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়।
ডুবে যাওয়া কার্গো ও নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে অভিযান চলছে।
