২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে সংঘর্ষে ১ পুলিশ আহত

দিনাজপুরের চিরিরবন্দরে হরতালকারীদের হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 07:46 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

চিরিরবন্দর থানার ওসি তারিকুল ইসলাম জানান, রোববার সকাল ১০টার দিকে দিনাজপুর-রংপুর সড়কের রানীরবন্দর এলাকায় হরতাল সমর্থকরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে ফরহাদ হোসেন নামে এক হাবিলদার আহত হন। পরে সেখানে অতিরিক্ত পুলিশ গেলে হরতাল সমর্থকরা পালিয়ে যায়।

ইসলামী ও সমমনা ১২ দলের কর্মসূচি থেকে শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালানোর পর রোববার সকাল-সন্ধ্যা এই হরতালের ডাক দেয়া হয়। বিএনপি ও জামায়াতে ইসলামী তাদের হরতালে সমর্থন দিয়েছে।

হরতালের সকালে দিনাজপুর শহরে সব স্কুল-কলেজ খোলা ছিল। তবে দোকানপাট তেমন খুলতে দেখা যায়নি।

সকাল থেকে শহরে রিকশা, অটোরিকশা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল করলেও দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, হিলি স্থলবন্দর দিয়ে বেলা ১১টার পর ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে। তবে মালামাল নিয়ে কোনো ট্রাক বন্দর ছেড়ে যাচ্ছে না বলে জানান হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আলতাফ হোসেন।