‘যুদ্ধাপরাধীদের বিচার সরকারের নাটক’
ক্ষমতায় টিকে থাকতে সরকার জনগণকে ‘জিম্মি’ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকালে বগুড়ায় জেলা বিএনপির দেওয়া এক সংবর্ধনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব একথা বলেন।
যুদ্ধাপরাধীদের বিচারকে সরকারের ‘নাটক’ অাখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, “চল্লিশ বছর আগে নিজেরাই যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়ে সরকার এখন নতুন করে নাটক করছে।নিজেরাই আইন করে আদালত বানিয়েছে, নিজেরাই আইনজীবী ও তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে। আবার রায় ঘোষণার পর নিজেদের লোক দিয়েই রায় মানিনা বলে শ্লোগান দেওয়াচ্ছে।”
এই বিএনপি নেতা অভিযোগ করেন, যারা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে না সরকার তাদেরকে ‘উস্কে’ দিয়ে দেশের মানুষকে বিভক্ত করার ‘ষড়যন্ত্র’ করছে।পক্ষান্তরে যারা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে তাদের ওপর পুলিশ ও পেটোয়া বাহিনী ‘লেলিয়ে দিয়ে গুলি করে হত্যা’ করা হচ্ছে।
শহরের মাটিডালি বিমান মোড়ে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনসহ স্থানীয় নেতারা।
