মেঘনায় মুক্তিযোদ্ধাকে ‘পিটিয়ে হত্যা’
কুমিল্লার মেঘনা উপজেলায় এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।
শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত মজিবুর রহমানকে (৫৮) মুগারচর গ্রামের বাসিন্দা।
মজিবুর রহমানের স্ত্রী রত্না বেগমের অভিযোগ, মজিবুর রহমান তার মেয়ে লনি আক্তারের (২২) চাকরির জন্য চার লাখ দেন তার সৎ ভাই আক্তার হোসেন ও দেলোয়ার হোসেনকে। দেড় বছর যাওয়ার পরও চাকরি না হওয়ায় শুক্রবার রাতে বিষয়টিন নিয়ে পারিবারিকভাবে সালিশ বৈঠক হয়।
বৈঠকে তার সৎ ভাই যুবলীগ নেতা আক্তার হোসেন ও দেলোয়ার হোসেন কোনো টাকা নেয়নি বলে জানিয়ে দেন। এ নিয়ে দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে আক্তার হোসেন ও দেলোয়ার হোসেন সৎ ভাই মজিবুর রহমানকে মারধর করেন।
এলাকাবাসী রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেঘনা থানার ওসি মো. নাসিম বলেন, “যুবলীগ নেতা আক্তার হোসেন আমাদেরকে জানিয়েছেন- হৃদরোগে তার ভাই মজিবুর রহমান মারা গেছেন।
“কিন্তু নিহতের স্ত্রী হত্যার অভিযোগ করলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠানো হয়। ময়না তদন্তের রিপোর্টে হত্যার আলামত পাওয়া গেলে থানায় নিয়মিত মামলা নেয়া হবে,” বলেন ওসিভ
মুক্তিযোদ্ধার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা করা হযেছে বলেও ওসি জানান।
