২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংতার সময় গ্রেপ্তার ৯২ জন রিমান্ডে

ইসলামী ও সমমনা ১২ দলের মিছিল থেকে শুক্রবার রাজধানীতে সহিংসতা চালানোর সময় গ্রেপ্তার  ৯২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 03:03 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

তাদের বিরুদ্ধে সাংবাদিক ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

ঢাকা মহানগর  হাকিম শামসুল আরেফিন শনিবার তাদের হেফাজতে পাঠানোর আদেশ দেন বলে মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান জানান।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম, পল্টন ও কাঁটাবন, মিরপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে ব্যাপক তাণ্ডব চালায় শাহবাগের গণজাগরণ মঞ্চবিরোধীরা, যার পেছনে জামায়াতের ইন্ধন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। সহিংসতার সময় ১৭২ জনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

এই সহিংতার ঘটনায় রাতেই রাজধানীর বিভিন্ন থানায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামীসহ সমমনা দলগুলোর শীর্ষ নেতাদের আসামি করে ১১টি মামলা করে পুলিশ, যাতে এক হাজারেরও বেশি লোককে আসামি করা হয়।   

হেফাজতে পাঠানোদের মধ্যে পল্টন  থানায় গ্রেপ্তার  ৩৩  জন,  রমনা থানার ১৫ জন, মতিঝিল থানার  ১০ জন, শাহবাগ থানার ১০ জন,  ধানমন্ডি থানার তিনজন,  উত্তরা (পশ্চিম) থানার ছয় জন  ও উত্তরা (পূর্ব) থানার সাতজন , শাহ আলী থানার পাঁচ জন ও হাজারীবাগ  থানায় গ্রেপ্তার তিন জন রয়েছে।

বিভিন্ন থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের আদালতে হাজির করে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা  তাদের জামিন চাইলে শুনানি শেষে বিচারক মোট  ৯২ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।