সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় মৃত্যু দুইজনের
চট্টগ্রামের সীতাকুণ্ডের পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০ টা থেকে সাড়ে দশটার মধ্যে উপজেলার সলিমপুর ও ছোট কুমিরা এলাকায় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
সলিমপুর পাক্কা রাস্তার মাথায় গ্যারেজকর্মী আবু হানিফ (২৬) এবং কুমিরার সুলতানা মন্দির এলাকায় একরামুল হক (৩০) নামে এক অটো রিকশা আরোহী নিহত হন।
হানিফ চাঁদপুর সদর উপজেলার আলগী এলাকার মৃত শাহজাহান দফাদারের পুত্র। একরামুল ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার পূর্ব চন্দ্রপুর গ্রামের ওবায়দুল হকের পুত্র।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-চট্টগ্রম মহাসড়কের সুলাতানা মন্দির নামক স্থানে একটি লরি পেছন দিক থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে একরাম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল আমিনুল ইসলাম জানান, সকালে সলিমপুরে একটি গ্যারেজে ট্রাকের নিচে কাজ করছিল হানিফ। ট্রাকটি হঠাৎ গড়িয়ে তার শরীরের ওপর উঠে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয় বলে জানান তিনি।
