বরিশালে জাগরণ মঞ্চে হামলা চেষ্টা
বরিশালে জাগরণ মঞ্চে হামলার চেষ্টা চালানো হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে তৌহিদী জনতার ব্যানারে সদর রোডে অবস্থিত মঞ্চে এ হামলার চেষ্টা পুলিশ বানচাল করেছে।
এর আগে নগরীর ফজলুল হক এভিনিউ এলাকায় সমাবেশ করে তারা বরিশালকে হরতালের আওতামুক্ত ঘোষণা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সদর রোডে বানানো জাগরণ মঞ্চ থেকে কিছুটা দূরে তৌহিদী জনতার ব্যানারে সমাবেশটি হয়। পরে তারা মিছিল নিয়ে মঞ্চের দিতে এগুতে থাকলে পুলিশ সামনে যেতে নিষেধ করে। এ সময় মিছিল থেকে পুলিশের ওপরের ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে ফজলুল হক অ্যাভিনিউ, সদর রোড ও লঞ্চঘাট এলাকায় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেফুর রহমান বলেন, মিছিলকারীরা ২/৩টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও কাঁদাসে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শুক্রবার জুমার নামাজের পর থেকে বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের ব্যানারে মিছিল করে পুলিশের ওপর ও গণমাধ্যমকর্মীদের ওপর হামালা চালানো হচ্ছে। পুলিশ বলছে, ইসলামী ও সমমনা ১২টি দলের নামে জামায়াত ও শিবির এসব হামলা চালাচ্ছে।
বরিশাল হরতালের আওতামুক্ত
সকালে বরিশালের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে এক সমাবেশ থেকে বরিশালকে হরতালের আওতামুক্ত ঘোষণা করা হয়েছে।
নগরীর বেলতলা জামেয়া মাহমুদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওবায়দুর রহমান মাহবুবের সভাপতিত্বে সমাবেশে চরমোনাই নায়েবে আমিরুল মোজাহিদিন মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম, মির্জা নুরুর রহমান বেগ, মাওলানা কাজী আব্দুল মন্নান, মহানগর খেলাফত মজলিশের সভাপতি আবুল কাশেম মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
