২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া-রাজশাহীতে আসামি ২০ হাজার

জাগরণমঞ্চ ভাংচুর, হামলা ও সংঘর্ষের ঘটনায় বগুড়া ও রাজশাহীতে তিনটি মামলা হয়েছে। 

রাজশাহী প্রতিনিধি

বগুড়া ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 07:21 AM

Updated : 25 Apr 2022, 06:24 PM

বগুড়ার মামলায় জেলা জামায়াতের নায়েবে আমীর আলমগীর সাঈদসহ ১৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আর রাজশাহীতে দায়ের করা দুই মামলায় আসামি করা হয়েছে জামায়াত-শিবিরসহ সমমনা ইসলামী দলের সাড়ে ৫ হাজার নেতাকর্মীকে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ উদ্দীন জানান, শুক্রবারের জুম্মার নামাজ শেষে কয়েকটি ইসলামী দলের ব্যানারে মিছিল থেকে শহরের সাতমাথায় ঢাকার গণজাগরণ মঞ্চের অনুসরণে গড়া প্রজন্ম মঞ্চে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় পুলিশ বাধা দিলে তাদের উপরও হামলা চালায় মিছিল কারীরা ।

এ ঘটনার পরপরই সাতমাথা ও থানা রোডে অভিযান চালিয়ে ১৬ জনকে এবং রাতে শহরের বিভিন্ন স্থান থেকে আরো ৪ জনকে আটক করে পুলিশ।

রাতে সদর থানার উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক ২৬ জনের নাম উল্লেখ করে ১৪-১৫ হাজার মানুষের বিরুদ্ধে একটি মামলা করেন, যাতে প্রধান আসামি করা হয় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও জেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি আলমগীর সাঈদকে।

ঢাকা বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানের মতো রাজশাহীতেও গণজাগরণ মঞ্চে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে শুক্রবার।

জুমার নামাজের পর জামায়াত- শিবিরসহ ইসলামী ও সমামনা দলের নেতাকর্মীরা মিছিল করে নগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বরে গণজাগরণ মঞ্চে হামলা চালায়। এ সময় পুলিশের ওপরও তারা হামলা চালায়। সংঘর্ষে ২৫ পুলিশসহ শতাধিক লোক আহত হন।

সংঘর্ষ চলাকালে পুলিশ ২৬ জনকে আটক করে।

রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানা ও রাজপাড়া থানায় জামায়াত ও সমামনা দলের সাড়ে ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করে পুলিশ।

আটক ২৬ জনের মধ্যে ১৮ জনকে এ দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, “গণজাগরণ মঞ্চ ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় ১০০ জনের নাম উল্লেখ করে ৫ হাজার জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এ মামলায় ৯ জনকে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে চালান দেয়া হয়েছে।”

বোয়ালিয়ার এসআই নাসিরুল ইসলাম এ মামলা দায়ের করেছেন বলে ওসি জানান। 

রাজপাড়া থানার ওসি এবিএম রেজাউল ইসলাম রেজা বলেন, নগরীর লক্ষ্মীপুর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৫০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় ৯ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেয়া হয়েছে।

মামলাটি দায়ের করেছেন এই থানার এসআই মোনয়ারুজ্জামান।