পাবনায় জামায়াতের সহিংসতা, নিহত ২
পাবনায় জামায়াতে ইসলামীর হরতালে সংঘর্ষ ও সহিংসতায় দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হরতাল চলাকালে শনিবার সারাদিন ব্যাপক সংঘর্ষে আহত হয় পুলিশসহ অন্তত ৪০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিকালে জেলা শহরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে।
নিহতরা হলেন আল আমিন আলাল (২২) ও সিরাজুল ইসলাম (৩৪)।
আহতদের মধ্যে লিখন (১৯) নামের একজনকে আংশকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ ভর্তি করা হয়েছে। এছাড়া ইয়াসিন আলী (৪০) ও মনিরূল ইসলাম (২০) নামে দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর সার্কেলের এসএসপি রূহুল আমিন, সদর থানার ওসি জসিম উদ্দিন সরকারসহ ১৬ পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে টায়ারে আগুন জ্বালিয়ে, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভের মধ্য দিয়ে আধাবেলার এই হরতাল শুরু করে জামায়াত-শিবির কর্মীরা।
পাবনা জেলা জামায়াতের কার্যালয়ে ‘হামলা-ভাংচুরের’ প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর থেকে প্রায় ৪/৫ হাজার জামায়াত-শিবিরকর্মী পাবনা-ঢাকা মহাসড়কের মন্দিরপুর, জালালপুর, ধোপাঘাটা, পুষ্পপাড়া, মাধপুরসহ বেশ কয়েকটি স্থানে লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে নিয়ে অবরোধ করে।
গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এবং পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে।
এছাড়া ভারি অস্ত্র দিয়ে পুলিশের উপর গুলিবর্ষণ করলে পুলিশ কন্সটেবল মোতাহের উদ্দিন গুলিবিদ্ধসহ ১৯ পুলিশ আহত হয়।
এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ দেড়শ’ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে পুলিশের উপর হামলাকারী আলাল ও সিরাজুল নিহত হন।
তিনি বলেন, হরতাল চলাকালে শহরের অধিকাংশ দোকানপাট খোলা ছিল। অভ্যন্তরীণ রূটে সামান্য যানবাহন চলেছে। তবে দূরপাল্লার কোনো যানবাহন চলেনি। স্বাভাবিক ছিল ট্রেন চলাচল।
অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নাশকতা ঠেকাতে পৌর শহরের গুরুত্বপূর্ণ মোড় ও স্থানসমুহে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে র্যাবের একটি টহল দল।
শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেলে সাড়ে ৪টা থেকে শহরে ও ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়েছে, বলেন পুলিশ সুপার।
এ ব্যাপারে জেলা জামায়াত সেক্রেটারি আবু তালেব মন্ডল নিহত আলাল ও সিরাজুলকে শিবিরকর্মী বলে দাবি করেন।
তিনি বলেন, পুলিশ কোনো উস্কানি ছাড়াই জামায়াত-শিবিরকর্মীদের উপর হামলা চালিয়েছে।
তিনি বলেন, এই হত্যার প্রতিবাদে আগামী সোমবার জেলার সর্বত্র বিক্ষোভ মিছিল এবং মঙ্গলবার দোয়া দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরে জামায়াত-শিবিরকে আর রাজনীতি করতে দেয়া হবে না।
পাবনা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু বলেন, পাবনায় জামায়াত যে ঔদ্ধ্যত্ব দেখিয়েছে তা সহ্য করার মতো নয়।
