চট্টগ্রামে ইসলামী ব্যাংকে হামলা
চট্টগ্রামে ইসলামী ও সমমনা ১২ দলের ব্যাপক তাণ্ডবের পর আন্দরকিল্লায় বিক্ষুব্ধ জনতা ইসলামী ব্যাংকের একটি শাখায় হামলা চালায়।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তেজিত জনতা মিছিল নিয়ে আন্দরকিল্লা জিএ ভবনের তৃতীয় তলায় অবস্থিত ইসলামী ব্যাংকের ওই শাখায় হামলা চালায়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিছিল নিয়ে এসে উত্তেজিত জনতা ব্যাংকের ওই শাখায় হামলা চালিয়েছে বলে শুনেছি।
বিভিন্ন স্থানে ১২ দলের ব্যানারে তাণ্ডব হলেও পুলিশ বলছে, ওই দলগুলোর কর্মসূচিকে ব্যবহার করে জামায়াতে ইসলামী কর্মীরা এই সহিংসতা চালিয়ে থাকতে পারে।
শহীদ মিনার ও গণজাগরণ মঞ্চে ভাংচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষ ঘটনা জামায়াতে ইসলামীর নেতৃত্বে হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
এছাড়া রাত ৯টার দিকে নগরীর দেওয়ানজী পুকুর লেইনে জামায়াতে ইসলামী কার্যালয়ে আগুন দেয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষুব্ধরা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে না পারলেও কার্যালয় সংলগ্ন দোকানপাট ভাংচুর করে এবং আগুন লাগিয়ে দেয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, তাদের চন্দনপুরা ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে গেছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে জামায়াতে ইসলামীর কার্যালয়ের দিকে গেলে তাদের বাধা দেয়া হয়।
নগরীতে দুপুরে ইসলামী বারদল মিছিল করার সময় সাংবাদিকের ওপর হামলা চালায় এবং চট্টগ্রাম প্রেসক্লাবে হামলা করে। এ সময় প্রেসক্লাবে শুক্রবার পর্যন্ত চলা গণজাগরণ মঞ্চের ব্যানার ফেস্টুনসহ বিভিন্ন সরঞ্জামে আগুন দেয়।
এর প্রতিবাদে বিকালে বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে মিছিল বের করে এবং তাদের প্রতিরোধ করে।
