২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে সহিংসতা, আক্রান্ত জাগরণের মঞ্চ

শাহবাগের প্রজন্ম চত্বর থেকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার জোর দাবি ওঠার পরদিনই সারাদেশে শহীদ মিনার ও গণজাগরণ মঞ্চে ভাংচুর, অগ্নিসংযোগসহ ব্যাপক সহিংসতা চালিয়েছে গণজাগরণবিরোধীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 04:02 PM

Updated : 13 Oct 2022, 02:48 PM

শুক্রবার জুমার নামাজের পর শুরু হওয়া এই সহিংসতায় সিলেট, ঝিনাইদহ ও গাইবান্ধায় চার জনের মৃত্যু হয়েছে। ‘কর্মসূচিতে বাধার’অভিযোগ এনে রোববার সকাল-সন্ধ্যা হরতাল দিয়েছে ইসলামী ও সমমনা ১২ দল।

যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে শাহবাগের আন্দোলনকারীরা শুক্রবার সব ধর্মের উপাসনালয়ে প্রার্থনা ও দোয়ার কর্মসূচি দেয়ার পর ‘ধর্ম অবমাননাকারী’ব্লগারদের শাস্তি এবং ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদে ইসলামী ও সমমনা ১২ দলসহ কয়েকটি সংগঠনের ব্যানারে সারাদেশে জুমার পর বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিভিন্ন জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

পাবনা: জুমার নামাজের পর জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের কয়েক দফা সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। ২৫ শিবিরকর্মী গ্রেপ্তার করেছে পুলিশ।

নামাজের পর সময় আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ও গণজাগরণ মঞ্চ ভাংচুর করে জামায়াত-শিবির কর্মীরা।

এতে বিক্ষুব্ধ হয়ে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা জামায়াতে ইসলামীর কার্যালয়, স্থানীয় দৈনিক জীবনকথা, শিবিরের কার্যালয়, রেটিনা, ফোকাস ও রাডার কোচিং সেন্টারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে।

রাতে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুস সুবহানের পাথরতলার বাসভবনে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় শহরের জামায়াত সমর্থিতদের দোকানপাটেও ব্যাপক ভাংচুর চালানো হয়।

হামলা ও ভাংচুরের প্রতিবাদে শনিবার পাবনায় আধাবেলা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলাম।

জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা জহুরুল ইসলাম ও সেক্রেটারি অধ্যাপক আবু তালেব মন্ডল এক প্রেস বিজ্ঞপ্তিতে হরতাল আহবান করেন।

পাবনা সদর থানার ওসি জসিম উদ্দিন সরকার বলেন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে জামায়াত-শিবির নেতাকর্মীরা শহরে মিছিল করে গণমঞ্চ ভাংচুর করতে গেলে পুলিশ বাধা দেয়। তখন তারা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

রাজশাহী: শাহবাগের গণজাগরণ মঞ্চের সমর্থনে রাজশাহীর সংহতি গণমঞ্চে জামায়াত-শিবির কর্মীরা হামলা ও ভাংচুর চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার জুমার নামাজের পরপরই নগরীর সোনাদীঘি মসজিদ থেকে ‘ঈমান ও আকিদা হেফাজত কমিটি’র ব্যানারে মিছিল নিয়ে এ হামলা চালানো হয়।

এর কিছু পরে বিক্ষুদ্ধ জনতা আলুপট্টি মোড়ে ইসলামী ব্যাংকের রাজশাহী কর্পোরেট শাখায় ভাংচুর করে আগুন দেয়।

জামায়াত শিবিরের তাণ্ডবের প্রতিবাদে বিকেলে নগরীর বিনোদপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ১৪ দলের নেতাকর্মীরা।

সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ওয়ার্কর্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা।

গুড়িয়ে দেয়া বঙ্গবন্ধু চত্ত্বরের গণজাগরণ মঞ্চে বিকেলেই নতুন করে মাইক লাগানো হয়। সেখানে সমাবেত তরুণ প্রজন্ম সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করে আন্দোলন শুরু করে এবং যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। পরে গণজাগরণ মঞ্চে হামলার প্রতিবাদে নগরীতে মোমবাতি ও মশাল মিছিল বের করা হয়।

সিলেট: সিলেট নগরীতে জুমার নামাজের পর জঙ্গি মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাংচুর ও মাতৃভাষা দিবসে দেয়া ফুলে আগুন দেয়া হয়েছে।

এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হন। আহত হন অন্তত ৩০ জন, যার মধ্যে ১০ জন গুলিবিদ্ধ হয়েছে।

বগুড়া: বগুড়ায় জুমার নামাজের পর ব্যাপক ভাংচুর চালায় কয়েকটি ইসলামী দলের সমর্থকরা। তৌহিদী জনতার ব্যানারে জামায়াতে ইসলামী এ হামলা চালায় বলে জাগরণমঞ্চের উদ্যোক্তারা দাবি করেন।

তারা জাতীয় পতাকা, মুক্তিযোদ্ধাদের ব্যানার, শহীদ জননী জাহানারা ইমামের ছবি ও গণজাগরণ মঞ্চ ভাংচুর করে।

তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এতে আয়েন উদ্দিন (৫০) নামে এক পুলিশ কনস্টেবল আহত হন। পুলিশ ১৫ জনকে আটক করেছে।

বগুড়া প্রজন্ম মঞ্চের সমন্বয়ক বগুড়া সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মাসুদার রহমান হেলাল এ ঘটনার জন্য দায়ী করে পুলিশ সুপার মোজাম্মলে হক, গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার কাওছার সিকদারের অপসারণ দাবি করেন।

তিনি প্রজন্ম মঞ্চের ধ্বংস্তুপের উপর দাঁড়িয়ে বিকাল ৩টায় তাৎক্ষণিক প্রতিবাদ সভা করে গণজাগরণ মঞ্চের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

তিনি বলেন, বারবার পুলিশ সুপারকে বলা হয়েছে, আমাদের কাছে খবর আছে জামায়াত-শিবির মঞ্চ ভাংচুর করবে। তিনি নিরাপত্তার আশ্বাস দিয়েও কোনো ব্যবস্থা নেননি।

হঠাৎ গণজাগরণ মঞ্চের আশপাশ থেকে পুলিশ প্রত্যাহাররে পর এ হামলা হয় বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে এএসপি কাউছার শিকদার বলেন, “অল্প সংখ্যক পুলিশ দিয়ে বিপুল জনতার মোকাবিলা করা কঠিন। তবুও আমরা চেষ্টা করছি।”

সদরের ওসি সৈয়দ শহীদ আলম বলেন, পুলিশ সাতমাথার আশপাশ থেকে সন্দেহভাজন অন্তত ১৫ জনকে আটক করেছে।

এদিকে সন্ধায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সদরে জামায়াত-শিবির অফিসে হামলা করে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

সারিয়াকান্দি থানার ওসি ফাইজুল ইসলাম জানান, রাত সোয়া ৭টায় জামায়াতে ইসলামী সারিয়াকান্দি পৌর শাখা অফিস ও উপজেলা ছাত্রশিবিরের অফিসে এক দল লোক হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়ে তা এখনও জানা যায়নি।

চাঁদপুর: চাঁদপুরে গণজাগরণ মঞ্চ ভাংচুর করাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকশ’ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এতে ১০ পুলিশসহ জামায়াত-শিবিরের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়।

পুলিশ সুপার মো. আমির জাফর বলেন, পরিস্থিতি বর্তমানে কিছুটা শান্ত রয়েছে। জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

হবিগঞ্জ: সদর উপজেলার শায়েস্তাগঞ্জে গণজাগরণ চত্বর ভাংচুরকে কেন্দ্র করে আওয়ামীলীগ-বিএনপি-জামায়াত-পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

এতে শায়েস্তাগঞ্জ থানার ওসি ও অপর দুই পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সহকারী পুলিশ সুপার (দক্ষিণ সার্কেল) মোজাম্মেল হক বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬১ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। বর্তমানে পরিস্থিত শান্ত আছে। পুলিশ সতর্ক রয়েছে।

ঝিনাইদহ: যুদ্ধাপরাধীদের বিচার বাতিলের দাবিতে দুপুরে একটি মিছিলে এক দল যুবক বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে পিটুনিতে নিহত হন ঝিনাইদহ শহরের সিদ্দকীয়া আলিয়া মাদ্রাসার আরবী শিক্ষক আব্দুস সালাম (৫৫)। তার গ্রামের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়।

সংঘর্ষে দুই সাংবাদিকসহ অন্তত অর্ধশত আহত হয়েছেন।

এ সময় পুলিশ গিয়ে বেশ কয়েক রাউণ্ড টিয়ার গ্যাস শেল নিক্ষেপ দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

গাইবান্ধা: পলাশবাড়িতে হেফাজতে ইসলামের ব্যানারে একদল লোক শহরের চৌমাথায় গণজাগরণ মঞ্চ ভাংচুর করেছে।

এ সময় পুলিশ বাধা দিলে সংর্ঘষে দুইজন নিহত হয়েছে।

গাইবান্ধার পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম দুইজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

আহত হন পুলিশসহ অন্তত ৫০ জন, যার মধ্যে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।

এছাড়া গাইবান্ধা শহরেও পুলিশের সাথে মুসুল্লিদের সংঘর্ষ হয়। দুই জায়গা থেকে পুলিশ ২০ জনকে আটক করেছে।

রংপুর: রাজধানীতে তাণ্ডবের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে ভাংচুর ও গণজাগরণ মঞ্চে হামলার প্রতিবাদে রাতে রংপুর শহরে ১৪ দল ও গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।

রংপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার  বিএম জাকির হোসেন জানান, রাত সোয়া  ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতার মিছিল থেকে রংপুর নগরীর ধাপ এলাকায় ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথ ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

ফেনী: ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের পুস্পমাল্য ছিঁড়ে তছনছ করে গণজাগরণ মঞ্চে আগুন দেয়ার পর গুড়িয়ে দিয়েছে মিছিলকারীরা।

জুমার নামাজের পর শহরের বড় মসজিদসহ বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে এসে শহীদ মিনারে চড়াও হয়।

ফেনী পুলিশের এএসপি(সার্কেল) মোহাম্মদ শামছুল আলম সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

গণজাগরণ মঞ্চের চারপাশে কাদের মোল্লাসহ অন্যান্য যুদ্বপরাধীদের ফাঁসির দাবিতে লেখা বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়। পরে সবগুলো একসঙ্গে করে রাস্তায় আগুন লাগিয়ে দেয়।

ফেনী গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা অ্যাডভোকেট ফয়জুল হক মিল্কি বলেন, পুলিশের সামনেই জামায়াত-শিবির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে ।

খুলনা: দুপুরে তৌহিদি জনতার ব্যানারে মিছিলকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। পুলিশ শতাধিক রাউন্ড শটগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। মিছিলকারীরা বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ভাংচুর করে।

সদর থানার ওসি মো. শাহবুদ্দিন আজাদ বলেন, ডাকবাংলা মোড়ে জমায়েত হয়ে সমাবেশ করে তারা। এরপর বেলা তিনটার দিকে মিছিল বের করে।

মিছিলটি ফেরিঘাট এলাকায় পৌঁছলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় ডাকবাংলা থেকে শিববাড়ী মোড় পর্যন্ত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মিছিলকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড শটগানের গুলি ও টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে।

কুড়িগ্রাম: উরিপুরে মিছিল থেকে আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়েছে।

এ সময় পুলিশ ২২ রাউন্ড গুলি ও এক রাউন্ড টিয়ার শেল ছুড়ে। পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ময়মনসিংহ: বড় মসজিদে জুমার নামাজের পর কিছু লোক শাহবাগের আন্দোলনকারী মনে করে এক মুসুল্লিকে মারধর করেছে।

নারায়ণগঞ্জ: শহরের চাষাঢ়ায় অবস্থিত ‘চেতনায় মুক্তিযুদ্ধ’ মঞ্চ ভাংচুর এবং ব্লগারদের কুশপুত্তলিকা দাহ করে মিছিলকারীরা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুমআর নামাযের পর তৌহিদী জনতার নামে করা বিক্ষোভ মিছিল থেকে মঞ্চ ভাংচুরের চেষ্টা করা হলে পুলিশ বাধা দেয়। পুলিশ মোতায়েন রয়েছে।

নোয়াখালী: নোয়াখালী শহরে জেলা জামে মসজিদসহ বিভিন্ন স্থান থেকে জুমার নামাজের পর তৌহিদী জনতার ব্যানারে জামায়াতসহ সমামনা ১২ দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল বের করে।

মিছিলকারীরা টাউন হলের মোড়ে এসে ইউনাইটেড কমাশির্য়াল ব্যাংক, রয়েল হোটেলসহ অন্তত ৩০টি দোকান ও ১৫টির মতো  গাড়ি ভাংচুর করে।

এ সময় পৌর বাজারে পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় মিছিলকারীরা পুলিশের গাড়ি ভাংচুর করে।

সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, সহিংসতার ঘটনায় শহরের বিভিন্ন স্থান থেকে চার জনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর: জুমার নামাজের পর ইসলামী দলগুলোর মিছিল থেকে গাজীপুর জেলা শহরের উনিশ চত্তরের মুক্তমঞ্চে ‘শাহবাগ সংহতি মঞ্চে’ ভাংচুর করা হয়।

পুলিশ জানায়, জুমার নামাজের পর জেলা শহরের জয়দেবপুর বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। এ সময় শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে আরেকটি মিছিল এসে ওই মিছিলের সঙ্গে যোগ দেয়।

পরে মিছিলটি জেলা শহরের রাজবাড়ি সড়কের পুলিশ সুপারের কর্যালয়ের সামনে থেকে ঘুরে ফের ওই সড়ক দিয়ে চান্দনা চৌরাস্তায় যায়। সেখান থেকে হামলা চালানো হয় ‘শাহবাগ সংহতি  মঞ্চে’।

গোপালগঞ্জ: গোপালগঞ্জ প্রজন্ম মঞ্চের ছবি তুলে নাশকতামূলক কাজের প্রস্তুতি নেয়ার অভিযোগে শুক্রবার জনতা মোস্তাফিজুর রহমান (১৫) নামে এক শিবিরকর্মীকে মারধর করেছে। পরে পুলিশ ওই শিবিরকর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটক মোস্তাফিজ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের শিবপুর গ্রামের এস.এম জামসেদের ছেলে।

সদর থানার উপপরিদর্শক আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে ওই শিবিরকর্মী প্রজন্ম মঞ্চের ছবি তুলতে থাকে। এ সময় সন্দেহ হলে প্রজন্ম চত্বরের সমর্থকরা তাকে মারধর শুরু করে।

সাভার: আশুলিয়ায় ইসলামি দলগুলোর কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অর্ধশত আহত হয়েছে। এসময় পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।

শুক্রবার জুমার নামাজের পর আশুলিয়ার বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামগড়া বাসস্ট্যান্ডে মিছিল চলাকালে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানান, ভাংচুরে বাধা দিলে গণজাগরণ মঞ্চবিরোধী বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।