২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রজন্ম চত্বর: ৫-২১ ফেব্রুয়ারি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মামুনূর রশীদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 06:23 PM

Updated : 13 Oct 2022, 02:48 PM

আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিল কয়েকজন তরুণ। তাদের প্রতিবাদী এই কর্মসূচি কয়েক ঘণ্টার মধ্যে হাজারো মানুষের সমাবেশে রূপ নেয়।

তারপর টানা চলতে থাকে অবস্থান, এর মধ্যে মহাসমাবেশ, প্রদীপ প্রজ্জলন, নিস্তব্ধতা কর্মসূচিও পালিত হয়।

টানা ১৭ দিন অবস্থানের পর ২১ ফেব্রুয়ারি শেষ হল টানা অবস্থান। রাত সাড়ে ১১টায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার টানা অবস্থানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

এখন থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত গণস্বাক্ষর সংগ্রহ ও প্রতিবাদী গান চলবে শাহবাগে, যা এখন প্রজন্ম চত্বর নামে পরিচিত। এর বাইরে বিভিন্ন স্থানে সমাবেশ হবে।

দেখে নেয়া যাক শাহবাগ আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত তা কীভাবে এগিয়েছে।

ফেব্রুয়ারি ০৫

যাবজ্জীবন সাজা প্রত্যাখ্যান করে রায় ঘোষণার কয়েক ঘণ্টা পর বিকাল ৫টার দিকে কাদের মোল্লার ফাঁসি চেয়ে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন হয়।  

এই মানববন্ধনের খবর ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে তরুণরা আসতে থাকলে উত্তাল হয়ে উঠে সমাবেশ।

বিকালে কয়েকশ তরুণের প্রতিবাদী এই কর্মসূচি রাত গড়াতেই হাজার-হাজার মানুষের সমাবেশে পরিণত হয়।

শাহবাগে সড়ক দ্বীপ ঘিরে অবস্থান নেয়া এই প্রতিবাদী কর্মসূচির উদ্যোক্তারা বলেন, সারারাত এমনকি দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান ছাড়বেন না।

ফেব্রুয়ারি ০৬

রাজধানীর শাহবাগের তারুণ্যের বিক্ষোভ ছড়িয়ে পড়ে জেলায় জেলায়।

চট্টগ্রাম, সিলেট, চাঁদপুর, কক্সবাজার, রাজশাহী, কুমিল্লা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাড়াও জেলা এবং বিভিন্ন ক্যাম্পাসে এসব বিক্ষোভে যোগ দেন নানা শ্রেণি-পেশার হাজারো জনতা।

এদিন জামায়াতে ইসলামীর হরতালের মধ্যেই বুধবার তা ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রান্তে। শহীদ মিনার আর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিণত হয় গণজমায়েতে।

এর মধ্যেই রাজধানীতে এক সমাবেশ থেকে ৮ ফেব্রুয়ারি মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।

ফেব্রুয়ারি ০৭

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগসহ সারাদেশের চলমান গণজোয়ারের প্রতি সমর্থন জানান মহাজোটের সংসদ সদস্যরা।

এদিন জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে চিহ্নিত সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানান তারা।

ফেব্রুয়ারি ০৮

ফাঁসির দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের এক লাখেরও বেশি স্বাক্ষর সংগ্রহ।

শ্রেণি-পেশা আর রাজনৈতিক পরিচয়ের ভেদ ভুলে এদিন বিকাল ৩টায় শাহবাগের অভূতপূর্ব মহাসমাবেশে একাত্তরের হত্যাকারী আর ধর্ষকদের ফাঁসি এবং বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেন লাখো জনতা।

একই সঙ্গে জামায়াত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বর্জনেরও ঘোষণা আসে এই সমাবেশ থেকে।

শপথে বলা হয়, “একাত্তরের ঘৃণ্য রাজাকার, আল বদর, গণহত্যা ও ধর্ষণকারীদের ‍মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত এই গণমানুষের মঞ্চ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে।”

ফেব্রুয়ারি ০৯

হাজারো মোমবাতি জ্বালিয়ে টানা পঞ্চমদিনের বিক্ষোভে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আরো জোরালো করে তোলে আন্দোলনকারীরা।।

এদিন সন্ধ্যায় আগের দিনের মতোই জনসমুদ্র হয়ে ওঠে রাজধানীর শাহবাগ চত্বর। সাগরের ঢেউয়ের মতো স্লোগানের গর্জন পুরো এলাকা প্রকম্পিত করে রাখে।

আগের দিনগুলোর মতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তি পর্যায় থেকে এই আন্দোলনে সংহতি জানোনো অব্যাহত থাকে।

ফেব্রুয়ারি ১০

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদের কাছে স্মারকলিপি দিয়ে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবি জানায় গণজাগরণ মঞ্চ।

এদিন জাতীয় সংসদের  অধিবেশনের শুরুতেই এই প্রতিবাদ নিয়ে অনির্ধারিত আলোচনার মধ্য দিয়ে শাহবাগে তারুণ্যের গণজাগরণে সংসদ থেকে সংহতি জানানোর প্রস্তাব করেন কয়েকজন সংসদ সদস্য।

এদিকে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ের দাবিতে আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়ে তাদের দাবি বাস্তবায়নের অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে অধিনায়ক মুশফিকুর রহিম ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা তরুণ-যুবাদের দাবির সঙ্গে সংহতি জানাতে আসেন।

ফেব্রুয়ারি ১১

শাহবাগের নবজাগরণ মঞ্চ থেকে যার যার অবস্থানে থেকে তিন মিনিট দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে একাত্মতা জানানোর কর্মসূচি ঘোষণা করা হয় এদিন।

টানা সাত দিন ধরে চলে আসা এই আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ব্লগার ইমরান এইচ সরকার বলেন, “যে যেখানে আছেন, কল-কারখানা, গাড়ি বা রাস্তায়, মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৪টা ৩ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে যাবেন। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বাংলাদেশকে স্তব্ধ করে দেন।”

শাহবাগে উপস্থিত হাজারো জনতা তার এই ঘোষণাকে হাত তুল সমর্থন জানায়।

এদিন সন্ধ্যায় এই আন্দোলনের কেন্দ্রস্থলে ১০০ ফুট বাই ৬০ ফুট মাপের বিশাল এক পতাকা টাঙিয়ে দেয়া হয়।  

ভাষা সৈনিক আবদুল মতিনও এদিন শাহবাগে উপস্থিত হয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এই আন্দোলনে সংহতি জানান।

ফেব্রুয়ারি ১২

তিন মিনিটের অবস্থান কর্মসূচিতে দেশবাসীর  অভূতপূর্ব সাড়া।

আন্দোলনের কেন্দ্রস্থল শাহবাগে এই কর্মসূচিতে অংশ নেয় লাখো মানুষ। এদিন বিকাল ৪টা বাজার সঙ্গে সঙ্গে নিস্তব্ধ হয়ে পড়ে শাহবাগের বিশাল সমাবেশ।

তরুণদের এই ডাকে সাড়া দিয়ে সংসদ সদস্যরা সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়েও তিন মিনিটের নীরবতা কর্মসূচি পালন করেছে কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীও এই কর্মসূচিতে অংশ নেন।

ফেব্রুয়ারি ১৩

বসন্তের প্রথম দিনেও প্রতিবাদের গান আর স্লোগানে  যুদ্ধাপরধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল  শাহবাগের গণজাগরণ মঞ্চ।

এদিন মঞ্চ থেকে ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার  মোমবাতি প্রজ্জলন কর্মসূচি আসে।

এরই মধ্যে সন্ধ্যা ৭টায় পুরো শাহবাগ চত্বর দাঁড়িয়ে পড়ে শহীদ জননী জাহানারা ইমামের প্রতি শ্রদ্ধায়। এ সময় এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত জনতা।  

এদিন গণজাগরণের কেন্দ্রস্থল শাহবাগে বসানো হয় শহীদ জননী জাহানার ইমামের বিশাল একটি প্রতিকৃতি। ৩০ ফুট বাই ১৫ ফুট মাপের এই প্রতিকৃতিটি তৈরি করেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।

ফেব্রুয়ারি ১৪

এদিন সন্ধ্যা ঠিক ৭টায় সারা দেশে মোমবাতি হাতে পথে নেমে আসে মানুষ।

প্রদীপ প্রজ্জ্বলন শেষে এ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের ইমরান এইচ সরকার মূল মঞ্চ থেকে পরদিন বিকাল তিনটায় ‘জাগরণ সমাবেশ’ এর কর্মসূচি ঘোষণা করেন।

ফেব্রুয়ারি ১৫

যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ সাত দফা দাবিতে টানা ১১ দিন সকাল-দুপুর-রাত আন্দোলন চালিয়ে আসার পর প্রতিদিন সাত ঘণ্টা বিক্ষোভের নতুন কর্মসূচি আসে শাহবাগ থেকে।  

কিন্তু এদিন রাতে শাহবাগ আন্দোলনের সঙ্গে জড়িত এক অনলাইন অ্যাক্টিভিস্ট খুন হওয়ার পর যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে দিন-রাত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইমরান ।

বলা হয়, প্রতিদিন সাত ঘণ্টা নয়, আগের মতই শাহবাগে টানা ২৪ ঘণ্টা আন্দোলন চলবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজীবকে শাহবাগ আন্দোলনের প্রথম ‘শহীদ’ আখ্যায়িত করেন।

ফেব্রুয়ারি ১৬

ব্লগার আহমেদ রাজীব হায়দারের লাশ ছুঁয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন আমৃত্যু চালিয়ে যাওয়ার শপথ নেন লাখো জনতা।

ফেব্রুয়ারি ১৭

রাজীবের মৃত্যুশোককে শক্তিতে পরিণত করে শাহবাগের প্রজন্ম চত্তরে উত্তাল  তারুণ্য বৃষ্টি উপেক্ষা করে  তাদের প্রতিবাদী স্লোগান অব্যাহত রাখে।

এদিকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনের বিচারের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন বিল পাস হয় জাতীয় সংসদে।

আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের বিল পাস হওয়াকে ‘প্রাথমিক বিজয়’ আখ্যায়িত করেন শাহবাগের আন্দোলনকারীরা।

গণজাগরণ মঞ্চের প্রথম শহীদ ব্লগার আহমেদ রাজীব হায়দারের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরদিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি, অফিস, আদালত ও কলকারখানায় কালো পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করা হয়।

এছাড়া সমাবেশ থেকে জামায়াতের ডাকা পরদিনের হরতাল প্রতিহত করার ঘোষণা দেয়া হয়।

ফেব্রুয়ারি ১৮

অবস্থান কর্মসূচি অব্যাহত রেখে ২১ ফেব্রুয়ারি আবার শাহবাগে মহাসমাবেশের কর্মসূচি গণজাগরণ মঞ্চের।

এছাড়া ২১ ফেব্রুয়ারির আগের দিন ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টা ১৩ মিনিটে মুক্তিযুদ্ধে শহীদদের উদ্দেশে দেশের প্রতিটি মানুষকে একটি করে চিঠি লিখে তা একটি বেলুনে বেঁধে ওড়ানোর আহ্বান জানায় গণজাগরণ মঞ্চ।

ফেব্রুয়ারি ১৯

যুদ্ধাপরাধের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি আরো জোরালো করতে দেশের সব প্রান্তে শাহবাগের মতো গণজাগরণ মঞ্চ গড়ে তোলার পরিকল্পনা  আন্দোলনের উদ্যোক্তাদের।

ফেব্রুয়ারি ২০

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে জনগণের জেগে ওঠার খবর, চল্লিশ বছর আগের দায় শোধ করতে তরুণ প্রজন্মের উঠে দাঁড়ানোর বার্তা নিয়ে দূর আকাশে উড়ে যায় লাল, নীল- হাজারো বেলুন। 

ফেব্রুয়ারি ২১

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরুর জন্য আগামী ২৬ মার্চ পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেয় গণজাগরণ মঞ্চ।

প্রজন্ম চত্বরে লাখো মানুষের সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে শাহবাগে ১৭ দিনের টানা অবস্থান কর্মসূচির কার্যত সমাপ্তি ঘটে।

রাত সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন ইমরান সরকার।