২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসাম্প্রদায়িক সমাজ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক সমাজ গঠনে আবারো অঙ্গীকার করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 06:13 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

তিনি বলেন, সরকার একটি অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যেখানে জনগণ ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে শান্তিপূর্ণভাবে সমঅধিকার ভোগ করবে এবং জনগণের বিশ্বাস ও অনুভূতিতে কেউ আঘাত করবে না।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আইএমএলআই) চারদিনের কর্মসূচি উদ্বোধনকালে শেখ হাসিনা এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং আইএমএলআই’র মহাপরিচালক ড. জিনাত ইমতিয়াজ আলীও বক্তৃতা করেন।

অনুষ্ঠানে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও লেখক রশিদ হায়দার ‘নোবেল পুরস্কার থেকে শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শীর্ষক নিবন্ধ উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার স্বাধীনতাকে অর্থবহ করার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিজ্ঞানভিত্তিক একটি আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে  নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, “ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিজ্ঞানভিত্তিক আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে চাই।”

তিনি উল্লেখ করেন, সরকার দারিদ্র্য নিরসন এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের মাধ্যমে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠা করতে চায়।

শেখ হাসিনা বলেন, “আমরা কারো ভিক্ষা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই এবং আমাদের নিজেদের উদ্যোগে উন্নয়ন কর্মকা- চালিয়ে যেতে চাই।”

প্রধানমন্ত্রী বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ২০২১ সালে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি মর্যাদাশীল দেশ হিসেবে অধিষ্ঠিত হবে।

তিনি বলেন, “যেভাবে আমরা রক্তের বিনিময়ে ভাষার অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র অর্জন করেছি, ইনশাআল্ল¬াহ সেভাবে এটিও অর্জন করবো।”

বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, পৃথিবীর কোন শক্তি বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না।

একুশে ফেব্রুয়ারিকে ‘বাঙালি জাতির জাগরণের এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার দিন’ আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, একটি বীর জাতি হিসেবে সারা পৃথিবীও এটিকে সানন্দে গ্রহণ করেছে।

তিনি বলেন, ১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলো আমাদেরকে অনুপ্রেরণা যুগিয়েছে। এই জীবনী শক্তি বাঙালি জাতিকে ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে উৎসাহ যুগিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা বাঙালি এবং বিপুল ত্যাগের বিনিময়ে আমরা প্রতিটি সাফল্য অর্জন করেছি।”

ভাষা আন্দোলনের ঐতিহাসিক ঘটনাসমূহের বর্ণনা দিয়ে শেখ হাসিনা বলেন, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণ মাতৃভাষার অধিকারের ও বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার দাবি জানায়।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু সে সময় কারাগার থেকে ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন । তিনি সে সময় পাকিস্তানি শাসকদের নীতির প্রতিবাদে ১১দিন অনশন ধর্মঘট করেন।

তিনি আরও বলেন, ১৯৯৯ সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার পর একুশের চেতনা ও শিক্ষা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতিদানের বঙ্গবন্ধুর প্রস্তাবের কথা উলে¬খ করে শেখ হাসিনা এ ব্যাপারে গণসচেতনতা এবং জনমত সৃষ্টিতে ভূমিকা পালনের জন্য বিশ্বব্যাপী বাঙালিদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

তিনি বলেন, একুশের গৌরবময় বাণী ও অমর সুর বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের ১৯৩টি দেশে পৌঁছে গেছে। একুশে এখন বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর ভাষার অধিকার রক্ষার দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হচ্ছে।

এর আগে শেখ হাসিনা আইএমএলআই’র ওয়েবসাইট উদ্বোধন করেন। তিনি ইনস্টিটিউটের ভাষা জাদুঘর পরিদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি, মন্ত্রী, উপদেষ্টা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, কূটনীতিক এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।