২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তানের টানে ধরা দিলেন চোর

নারায়ণগঞ্জে চুরি করে নেয়া অর্থ ও স্বর্ণালংকার ফেরত দিয়ে ফেলে যাওয়া সন্তানকে বুকে টেনে নিলেন এক গৃহকর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 04:41 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়িওয়ালার ঘর থেকে এসব চুরি করে শিশু সন্তানকে ফেলে পালিয়ে গিয়েছিলেন ওই নারী।

ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার দুপুরে ফাতেমা বেগম নামে ওই নারী ফিরে এসে থানা থেকে তার সন্তানকে বুঝে নেন।

ফাতেমা সাংবাদিকদের বলেন, “আমি বুঝতে পারিনি। তাই সন্তানকে ফেলে রেখে লোভে পড়ে টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গিয়ে গিয়েছিলাম।”

“কিন্তু সন্তান কী, তা একদিনেই বুঝেছি। সন্তানের কারণে আমি পাগল হয়ে গিয়েছিলাম।”

এ ব্যাপারে বাড়িওয়ালা আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, ওরা দীর্ঘ দিন আমাদের বাড়িতে থাকাতে আমাদের মধ্যে মায়া তৈরি হয়ে গিয়েছে। ফাতেমা তার ভুল বুঝতে পেরেছে - আমি এতেই খুশি।

ফাতেমা তার সন্তান নিয়ে আগের মতোই ওই বাড়িতে থাকতে পারবে বলেও জানান তিনি।

রূপগঞ্জ থানার ওসি মঈনুর রহমান জানান, বাড়িওয়ালার ঘর থেকে নেয়া টাকা পয়সা ও স্বর্ণালংকার ফেরত দিয়েছে সে। শিশু রাকিবাকেও তার কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

রূপগঞ্জের দক্ষিণ তারাব এলাকায় বুধবার ভোরে বাড়িওয়ালা আলতাফ হোসেনের ঘরে থাকা ৮৫ হাজার টাকা, ৩ ভরি সোনার গহনা, দুটি মোবাইলসেট চুরি করে ছয় মাসের শিশু কন্যা রাকিবাকে ঘরে ফেলে রেখে মা ফাতেমা বেগম(২২) পালিয়ে গিয়েছিলেন।