সিকৃবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ১৬
শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ছাত্রদল কর্মী খোকন, জুনায়েদ, মাসুদ, জামিল, বাঁধন, তারেক, সাহেদ, রণি, পাভেল, লাহিন, সুমন এবং ছাত্রলীগ কর্মী অপু রায়, রাহুল, সজিব, রন্টি ও নিজাম।
বৃহস্পতিবার দুপরে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ফুল দিতে যায় ছাত্রদল। ফুল নিয়ে ক্যাম্পাসে ঢোকার পরই ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা কাটাকাটি হয় তাদের। এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে একপক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়।
সংঘর্ষ চলাকালে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের জানালার কাচ ও কয়েকটি চেয়ার ভাংচুর করে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুল ইসলাম জানান, ছাত্রলীগের বাধার মুখে ছাত্রদল শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করতে পারেনি। তারা হামলা চালিয়ে ছাত্রদলের ১২ নেতাকর্মীকে আহত করেছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শামীম মোল্লা জানান, ছাত্রদল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। শহীদ মিনারে ফুল দেয়া তাদের উদ্দেশ্য ছিল না। ক্যাম্পাস অস্থিতিশীল করতেই তারা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ঢুকেছিল।
শাহপরাণ থানার ওসি লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
