২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় চার জনের মৃত্যু দুর্ঘটনায়

গাইবান্ধা, কক্সবাজার ও নড়াইলে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে বাস চাপায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 01:38 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

আমাদের গাইবান্ধা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার উপজেলা সদরের দোকানঘর নামক স্থানে বাস চাপায় নিহত দুই জন হলেন- মোকছুদুল ইসলাম (৪৫) ও মশিউর রহমান (৪৮)।

নিহত মকসুদুলের বাড়ী সাদুল্লাপুর উপজেলার ঝাউলার বাজার ও মশিউরের বাড়ী পলাশবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামে।

পলাশবাড়ী থানার ওসি আব্দুস সাত্তার জানান, গাইবান্ধা থেকে বগুড়াগামী এসটিএস এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই  মোকছুদুল ইসলাম মারা যায়। গুরুতর আহত মশিউর রহমানকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। তবে চালক পালিয়ে গেছে।

কক্সবাজারে মাইক্রোবাস চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি। বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম সড়কের রামু উপজেলার জোয়ারিয়া নালায় এ ঘটনা ঘটে।

নিহত মোটর সাইকেল আরোহী নুরুল ইসলাম (২৪) রামুর দক্ষিণ চাকমারকুল এলাকার মোহাম্মদ হাসানের ছেলে। আহত হয়েছে জোয়ারিয়ানালাল পূর্বপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলমগীরের ছেলে শফি আলম (৬)।

নিহত নুরুল ইসলামের ভাই মোহাম্মুদুল হক বিডিনিউজটোয়েন্টিফোরডটকমকে জানান, কক্সবাজারগামী একটি মাইক্রোবাস (নম্বর চট্ট মেট্রো ১১-৩৬৪১) জোয়ারিয়ানালায় এসে শফি আলম নামের ওই শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তার ভাই নুরুল ইসলাম মোটরসাইকেল নিয়ে মাইক্রোবাসটি ধাওয়া দেয়।

কিছু দূর গিয়ে মাইক্রোবাসটিকে ব্যারিকেড দিলে মাইক্রোবাস চালক তাকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।

কক্সবাজার সদর হাসপাতালের কর্মরত ডা. নোবেল বড়–য়া বিডিনিউজটোয়েন্টিফোরডটকমকে জানান, এ ঘটনায় আহত শিশু শফি আলমকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ছাড়া নড়াইলে বাস খাদে পড়ে মারা গেছেন এক তরুণী। বৃহস্পতিবার সকালে নড়াইল-যশোর সড়কের তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লাকি বেগম (৩০) মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মোবারকপুর গ্রামের জিয়ারুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহা জানান, যশোর থেকে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস (যশোর-জ-০৪০০৪২) নড়াইল-যশোর সড়কের তুলারামপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লাকির মৃত্যু হয়।