২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে ভাষা মেলালো দুই বাংলাকে

ভারত-বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে এক হয়েছেন দুই বাংলার বাসিন্দারা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বেনাপোল ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 09:18 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

যশোরের বেনাপোল ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখায় এ উপলক্ষে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে এক সঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দুই দেশের বাংলাভাষীরা।

বৃহস্পতিবার সকাল ১০টায় বেনাপোলে এসে পৌঁছান পশ্চিবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ত্রাণ ও উদ্বাস্তুমন্ত্রী মনজুল কৃঞ্চ ঠাকুর, বিধায়ক বিশ্বজিত দাস, সুরজিত কুমার বিশ্বাস, গোপাল শেঠ ও নির্মল ঘোষ, বনগাঁ পৌরসভার মেয়র জোসনা আঢ্য, সংগীত শিল্পী ইন্দ্রানী সেন ও ইন্দ্রজিৎ সেন।

স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, সাহিত্যক ও সাংবাদিক হাসান হাফিজ, যশোর জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান ও পুলিশ সুপার জয়দেব ভদ্র তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে তারা শূন্যরেখায় নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বেনাপোলে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন পরিষদ আর পশ্চিমবঙ্গের বনগাঁ পৌরসভা যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে।

বেনাপোল আন্তর্জাতিক মাতৃভাষা উৎযাপন পরিষদের সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০২ সাল থেকে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার ‘ভারত-বাংলাদেশ গঙ্গা-পদ্মা ভাষা ও মৈত্রী সমিতির উদ্যোগে সীমান্তবর্তী প্রায় ২০টি সংগঠন এই মিলন মেলা শুরু করে।

ভারতের পেট্রাপোল আইসিপি বিএসএফ ক্যাম্পের সামনে ভারতের মঞ্চ আর বেনাপোলের শুন্য রেখা থেকে এক শত গজ ভেতরে শুল্ক ভবনের পাশে তৈরি হয় বাংলাদেশের মঞ্চ। ভারতের মঞ্চে বাংলাদেশের শিল্পীরা আর বাংলাদেশের মঞ্চে ভারতের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সকাল নয়টায় আখাউড়া সীমান্তের শূন্য রেখায় অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সীমান্তের দুই পাশের কয়েক হাজার মানুষ।

ত্রিপুরা রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত এ মিলনমেলার জন্য সকাল থেকেই সীমান্ত খুলে দেয়া হয়। দুই দেশের নাগরিকরা বিনা বাধায় অনুষ্ঠানে যাতায়াত করেছেন।

সকাল থেকেই বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও আগরতলার শিল্পীদের পরিবেশিত দেশাত্মবোধক গান, কবিতা আর সবার আনন্দ-আড্ডায় মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ।

এ সময় সেখানে ত্রিপুরার তথ্য, সংস্কৃতি ও উচ্চশিক্ষা মন্ত্রী অনিল সরকার, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মোক্তাদির চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী অনিল সরকার এ সময় যুদ্বাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চে তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।