২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতৃভাষার বই বাঁচানোর লড়াই

নতুন প্রজন্মের কল্পনার চোখে ভবিষ্যতের জ্যোতি উস্কে দিতে সারা বিশ্বে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে সবার হাতে মাতৃভাষার বই তুলে দেয়ার শপথ নিয়ে।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 04:36 AM

Updated : 25 Apr 2022, 06:24 PM

মায়ের ভাষার স্বীকৃতির দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্র“য়ারি ঢাকার রাজপথে রক্ত ঝরিয়েছিলো বাঙালিরা। ভাষার জন্য বাঙালির এই আত্মত্যাগকে স্বীকৃতি দিয়ে ১৯৯৯ সালে এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা- ইউনেস্কো।

এরপর প্রতিবছর ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পালন করা হয় এ দিনটি।

এবার চতুর্দশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘মাতৃভাষায় শিক্ষার জন্য বই’ ।

মাতৃভাষা দিবসে এক বিবৃতিতে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা বলেন, “মনবতাকে সবার আগে স্থান দিতে হলে বহুভাষার চর্চাকে উৎসাহিত করার বিকল্প নেই। এটা আমাদের সাংস্কৃতিক বৈচিত্রকে আকৃতি দেবে; মতের প্রকাশ, চিন্তার নবায়ন আর কল্পনার শক্তিকে উস্কে দেবে।”

ভাষার সঙ্গে বইয়ের যে যোগসূত্র, এ বছর তার স্বরূপ খোঁজার লক্ষ্য স্থির করেছে ইউনেস্কো।

ইরিনা বোকোভা বলেন, “শান্তি আর উন্নয়নে শক্তি যোগায় বই। সুতরাং বই পৌঁছে দিতে হবে সবার হাতে।”

তিনি বলেন, নিত্য নতুন প্রযুক্তির এই যুগেও পাঠ, জ্ঞানের বিনিময়, পারস্পরিক বোঝাপড়া এবং পৃথিবীকে সবার সামনে মেলে ধরার সহজতম হাতিয়ার হলো বই।

বিলুপ্তির হুমকিতে থাকা ভাষার তালিকা নিয়ে ‘অ্যাটলাস অব দি ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজেস ইন ডেঞ্জার’ এর সাম্প্রতিক যে সংস্করণ ইউনেস্কো প্রকাশ করছে, তাতে দেখা যাচ্ছে, বর্তমান বিশ্বের ৬ হাজারের মতো ভাষার অর্ধেকই হারিয়ে যাবে চলতি শতক শেষ হওয়ার আগেই।

ইউনেস্কোর মহাপরিচালক বলেন, “কিছু দেশে স্থানীয় ভাষার বই আর পাঠ্যবইয়ের মৃত্যু হচ্ছে। এতে উন্নয়ন ও সামাজিক সংহতি বিঘ্নিত হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে নিজেকে প্রকাশের স্বাধীনতা।

“এই ঘাটতি পূরণে ডিজটাল প্রযুক্তি সহায়ক হতে পারে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। সুতরাং সবাই, বিশেষ করে শিশুরা যাতে তাদের মাতৃভাষায় ইচ্ছে মতো পড়তে পারে- সেজন্য হাতে হাতে বই তুলে দিতে আমাদের আরা উদ্যোগী হতে হবে।”