২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে জামায়াত-আ.লীগ সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহের মহেশপুরে বুধবার রাতে জামায়াত -আওয়ামী লীগ সংঘর্ষে  উভয়পক্ষের  অন্তত ১৫ জন আহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 04:49 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

সংঘর্ষ থামাতে পুলিশ প্রায় ৫০ রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।  

রাত ৮টার দিকে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, মহেশপুর উপজেলা জামায়াতের অমির আব্দুল হাই জামিনে মুক্তি পাওয়ার পর জামায়াত তাকে নিয়ে একটি  মোটর সাইকেল মিছিল বের করে। মিছিল থেকে আওয়ামী লীগ অফিসের উপর  ইট পাটকেল ছোঁড়া হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। পুলিশ সংঘর্ষ থামাতে  ৩০ রাউন্ড রাবার বুলেট ও  প্রায় ২০ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এই পুলিশ কর্মকর্তা আরো জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে মহেশপুর শহরে উত্তেজন বিরাজ করছে।

মহেশপুরের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল জানান, জামায়াতের মিছিল থেকে আওয়ামী লীগ অফিসে ইট পাটকেল নিক্ষেপ করলে আওয়ামী লীগ কর্মীরা তা প্রতিহত করে। সংঘর্ষে আওয়ামী লীগের ১০ জন কর্মী আহত হয়।

এদিকে ঝিনাইদহ পৌর জামায়াতের আমির বশির আহমেদ বলেন, মহেশপুর  উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই জামিন পেয়ে মহেশপুর যান। এ সময় কর্মীরা তাকে নিয়ে মোটর সাইকেল মিছিল বের করে।

আওয়ামী লীগের লোকজন পুলিশের সহায়তায় তাদের উপর হামলা করে বলে এই জামায়াত নেতা দাবি করেন।

“তারা [আওয়ামী লীগ] জামায়াত অফিসেও হামলা করে।”