যৌতুক: স্বামীর এসিডে পুড়লো স্ত্রীর দেহ
যৌতুক দিতে রাজি না হওয়ায় স্ত্রীকে পিটিয়ে আহত করার পর তার শরীরে এসিড ঢেলে দিয়েছেন এক স্বামী।
যশোরের সুজলপুর গ্রামের বাড়ি থেকে বুধবার আহত রত্নাকে (২৩) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রত্নার মা কুশলা বলেন, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তার উপর নির্যাতন চালায় স্বামী বিভীষণ দাস।
নির্যাতনের শিকার রত্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবার বাড়ি থেকে ১০ হাজার টাকা এনে দিতে রাজি না হওয়ায় প্রথমে অনেকক্ষণ তাকে মারধর করা হয়। এরপর এসিড এনে তার নাভি এবং বুকে ঢেলে দিয়ে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে চলে যায় তার স্বামী বিভীষণ।”
তিনি আরো জানান, যন্ত্রণা সহ্য করতে না পেরে এক সময় আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্বামীর পরিবারের লোকজন তাকে উদ্ধার করলেও সারাদিন বাড়িতে রেখে দেয়। রত্নার মা-বাবা বুধবার প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করেন।
যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক আক্তারুজ্জামান মির্জা বলেন, রত্নার শরীরে নাইট্রিক অ্যাসিড ঢেলে দেয়া হয়েছে। দেরিতে হাসপাতালে আনায় অ্যাসিডে সৃষ্ট ক্ষতস্থানের অবস্থা গুরুতর।
কুশলা দাস এ ঘটনায় বিভীষণের বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় অভিযোগ করেছেন।
স্বামী বিভীষণ ঘটনার পর থেকে পলাতক।
