২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণজাগরণে সংহতি জানাতে শাহবাগে ১৯ ভারতীয়

শাহবাগের ‘প্রজন্ম চত্বরে’ চলমান গণআন্দোলনের প্রতি সংহতি জানাতে জাগরণের এই কেন্দ্রস্থলে হাজির হয়েছেন ইন্ডিয়ান ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের ১৯ জন সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 03:46 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা নগরী থেকে ঢাকা পর্যন্ত পুরোটা পথ তারা পাড়ি দিয়েছেন সাইকেলে করে।

এক সাক্ষাতকারে দলনেতা ভূদেব ব্যানার্জী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই মাস আগেই আমরা পরিকল্পনা করেছিলাম ঢাকা আসব। তখন আমাদের মূল উদ্দেশ্য ছিল- ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ। পরে যখন আমরা খবর পেলাম যে, শাহবাগে গণআন্দোলন হচ্ছে, তখন এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করাটাও আমারা গুরুত্ব সহকারে বিবেচনা করেছি।”

গত ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবনের রায় ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে শাহবাগে এই আন্দোলনের সূচনা হয়। টানা ১৬ দিন ধরে সেখানে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে ছাত্র-জনতা।

এই আন্দোলনে দেশবাসীর অকুণ্ঠ সমর্থনের পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে সরকার। আইন সংশোধনের ফলে আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের বিরুদ্ধে যেমন সরকার আপিল করতে পারবে, তেমনি যুদ্ধাপরাধের জন্য দল হিসেবে জামায়াতে ইসলামীরও বিচার করা যাবে।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখে ২১ ফেব্রুয়ারি আবার মহাসমাবেশ হবে শাহবাগে। তার আগে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দেয়া হবে।

পেশাগত জীবনে ভূদেব কলকাতার মোহনবাগান ফুটবল ক্লাবে রেফারীর দায়িত্ব পালন করেন। তার টিমের বেশিরভাগ সদস্য কলকাতা ভিত্তিক বিভিন্ন ফুটবল ক্লাবের সদস্য বলে জানান তিনি।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় যাত্রা শুরু করে ১৯ ফেব্রুয়ারি রাতে ১৯ জনের এই দলটি ঢাকা এসে পৌছে বলে জানান এই টিমের সদস্য শুভাশিষ বয়াল।

সাইকেলে করে আসার কারণ হিসেবে ভূদেব বলেন, “এটা এক ধরনের ক্যাম্পেইন। ভ্রমণের বাহন হিসেবে সাইকেলকে পরিচিত করানোর উদ্দেশ্যেই আমাদের অ্যাসোসিয়েশন থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

ভূদেব জানান, এটা তাদের দ্বিতীয় বারের মত বাংলাদেশ ভ্রমণ। এর আগে ২০১১ সালে তারা প্রথমবার বাংলাদেশে এসেছিলেন শিল্পী এস এম সুলতানের বসতভিটা দেখতে।

২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি ওই দিন রক্তদান কর্মসূচিও রয়েছে বলে জানিয়েছেন ভূদেব। ২২ ফেব্রুয়ারি তারা ঢাকা ত্যাগ করবেন।

শাহবাগের ‘প্রজন্ম চত্বরে’ চলমান গণআন্দোলন সম্পর্কে কলকাতার সাধারণ মানুষের প্রতিক্রিয়া প্রসঙ্গে দলের সদস্য মিহির দাশ বলেন, “পুরো বাংলাতেই এটা এখন উত্তাল বিষয়। ওখানেও এই আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে। বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা চলছে। কাঁটাতারের বেড়া থাকলেও আমাদের শেকড় একই।”

আরো সংহতি

গণজাগরণের ষোড়শ দিনে সংহতি জানাতে শাহবাগের ‘প্রজন্ম চত্বরে’ এসেছিলেন শিল্পী সুবীর নন্দী, আলাউদ্দিন আলী, খুরশিদ আলম, এন্ড্রু কিশোর, কনক চাঁপা, সুজিত মোস্তফা, অভিনয় শিল্পী সুবর্ণা মোস্তাফা, বন্যা মির্জা, অধ্যাপক জাফর ইকবাল প্রমুখ।