স্ত্রী হত্যাকারীর ফাঁসি
যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার জন্য এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম এই দণ্ডাদেশ দেন।
দণ্ডিত গোলাম মোস্তফা মনুকে একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
কারাবন্দি মনু নগরীর চকবাজার এলাকার জয়নগরের সুলতান আহমেদ কন্ট্রাক্টরের ছেলে।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী চন্দন কুমার তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় দিয়েছেন।
তিনি জানান, এ মামলায় অন্য তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে।
তারা হলেন- গোলাম মোস্তফার বোন সানু আক্তার, হোসনে আরা ও ভাই মো. সিরাজ।
যৌতুকের দাবিতে ২০০৭ সালের ১১ মার্চ গোলাম মোস্তফার বাড়িতে খুন হন তার স্ত্রী খালেদা আক্তার লুনা।
লুনাকে মারার পর বাথরুমের দরজার সঙ্গে ঝুলিয়ে রেখে একে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল।
এরপর লুনার ভাই মনসুর আলম বাদি হয়ে নগরীর কোতোয়ালি থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।
আইনজীবী চন্দন তালুকদার জানান, ২০০৭ সালের ৩০ জুন এ মামলায় অভিযোগপত্র দাখিল এবং ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি অভিযোগ গঠন হয়।
