নেত্রকোনায় ইবনে সিনা ও বায়োফার্মা ‘অবাঞ্ছিত’
শাহবাগের প্রজন্ম চত্বর থেকে জামায়াত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বর্জনের ডাক আসার পর নেত্রকোনা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ও বায়োফার্মা ফার্মাসিউটিক্যালসকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন চিকিৎসকরা।
বুধবার এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান নেত্রকোনা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক মো. মাহবুবুর রহমান।
শাহবাগের গণজাগরণ আন্দোলনের স্থানীয় সমর্থকরা সোমবার জামায়াত নেতাকর্মীদের পরিচালিত নেত্রকানা আইডিয়াল হাসপাতাল প্রাইভেট লিমিটেড, আইডিয়াল স্কুল ও রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে তালা ঝুলিয়ে দেন।
তারা ইসলামী ব্যাংক নেত্রকোনা শাখা বন্ধ করে দেওয়ারও আল্টিমটোম দেন।এরপরই মঙ্গলবার সকাল থেকে শত শত গ্রাহক ব্যাংকটির শাখা থেকে তাদের হিসাব প্রত্যাহার করে নেন।
নেত্রকোনা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক মো. মাহবুবুর রহমান বলেন, ইবনে সিনা ও বায়োফার্মার কোনো ওষুধ কল্যাণ কেন্দ্রের রোগীদের দেয়া হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ দুইটি কোম্পানিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করায় ওষুধের কোনোরকম সমস্যা হবে না বলে জানান ওই চিকিৎসক|
এদিকে ‘অনিশ্চয়তার’ মধ্যে ইসলামী ব্যাংক নেত্রকোনা শাখা থেকে বুধবারও গ্রাহকদের টাকা তুলে নিয়ে যেতে দেখা গেছে।
এ সময় জামায়াত সমর্থক শহরের কিছু ব্যবসায়ী ব্যাংক কার্যালয়ে দিনভর অবস্থান করে গ্রাহকদের টাকা তোলা থেকে নিবৃত করার চেষ্টা করলেও কোনো কাজ হয়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
নেত্রকোনা মডেল থানার ওসি আজিজুর রহমান বলেন, ব্যাংকের নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হয়েছে।
