নরসিংদীতে অবাঞ্ছিত বিচারপতি মিজানুর রহমান
ব্লগার রাবীবের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগে সুপ্রিম কোর্টের বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়াকে নিজ জেলা নরসিংদীতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন মুক্তিযোদ্ধারা।
নরসিংদী প্রেসক্লাবে বুধবার এক সংবাদ সম্মেলনে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমাণ্ড এ ঘোষণা দেয়।
মিজানুর রহমান ভূঁইয়া নরসিংদীর রায়পুরা উপজেলার আটকান্দী গ্রামের প্রয়াত মজিবুর রহমান ভূঁইয়ার ছেলে।
নিহত ব্লগার স্থপতি আহমেদ রাজীব হায়দারকে নিয়ে প্রচারিত একটি লিফলেট সুপ্রিম কোর্টে বিলি করার অভিযোগে বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে জাতীয় সংসদে আলোচনা হয়েছে মঙ্গলবার। দেশব্যাপী সমালোচনা চলছে। বিভিন্ন মহল থেকে তার বিরুদ্ধে শাস্তির দাবি উঠেছে।
সংবাদ সম্মেলনে জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আব্দুল মোতালিব পাঠান বলেন, মিজানুরকে আর নরসিংদীতে ঢুকতে দেয়া হবে না। উপস্থিত মুক্তিযোদ্ধারা এ সময় স্লেগান দিয়ে তার দাবির প্রতি সমর্থন জানান।
মোতালিব পাঠান আরো বলেন, সারাদেশ যখন শাহবাগের গণজাগরণ মঞ্চের প্রতি একাত্মতা প্রকাশ করে যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবি করছে, ঠিক তখনই ওই গণজাগরণকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এই বিচারপতি চক্রান্তে লিপ্ত হয়েছেন। তিনি ব্লগার রাজীব সম্পর্কে অশালীন উক্তি করে বিচারপতি হিসেবে শপথ ভঙ্গ করেছেন।
“তাই তার অপসারণের দাবি জানাচ্ছি এবং তাকে নরসিংদীতে অবাঞ্ছিত ঘোষণা করছি,” বলেন মোতালিব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার আব্দুল হক, ডেপুটি কমাণ্ডার আব্দুল হাকিম, সহকারী কমাণ্ডার (সাংগঠনিক) মো. আরমান, সহকারী কমাণ্ডার আমির উদ্দিন, সহকারী কমাণ্ডার গোলাম ফারুক, সহকারী কমাণ্ডার দৌলত হোসেন, সদর উপজেলা কমাণ্ডার মো. তাজুল ইসলাম, শিবপুর উপজেলা কমাণ্ডার আজিজুর রহমান খাঁন, রায়পুরা উপজেলা কমাণ্ডার মো. নজরুল ইসলাম, বেলাব উপজেলা কমাণ্ডার আনোয়ার হোসেন আঙ্গুর, পলাশ উপজেলা কমাণ্ডার শাহজাহান সাজু, সদর উপজেলার ডেপুটি কমাণ্ডার পবিত্র রঞ্জন দাস মহাদেব, সেক্টর কমাণ্ডারস ফোরাম নরসিংদী সভাপতি মো. লিয়াকত হোসেন, সদরের সভাপতি মোজাম্মেল হক ভূইয়া প্রমুখ।
