২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাগরণের চিঠি গেল শহীদের ঠিকানায়

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে জনগণের জেগে ওঠার খবর, চল্লিশ বছর আগের দায় শোধ করতে তরুণ প্রজন্মের উঠে দাঁড়ানোর বার্তা নিয়ে দূর আকাশে উড়ে গেল লাল, নীল- হাজারো বেলুন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 10:33 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

সারা দেশে তিন মিনিট নিরবতা ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পর বুধবার শাহবাগের প্রজন্ম চত্বরের এই অভিনব কর্মসূচিতেও অভাবনীয় সাড়া দিয়েছে বাংলাদেশের মানুষ। একাত্তরের শহীদদের উদ্দেশে চিঠি লিখে বেলুনে বেঁধে একসঙ্গে উড়িয়ে দিয়েছেন তারা।   

আন্দোলনের ষোড়শ দিন বুধবার বিকাল ৪টা ১৩ মিনিটে জাগরণের কেন্দ্রস্থল শাহবাগ থেকে একসঙ্গে আকাশের দিকে উড়ে যায় কয়েক হাজার বেলুন। বেলুন উড়তে দেখা যায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার আকাশেও। 

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকাল ৪টা ১৩ মিনিটে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের দলিলে সই করেছিল বলেই ওই সময়টি কর্মসূচির জন্য বেছে নেয় ৪২ বছর পরের এই আন্দোলনকারীরা।

বেলুন ওড়ানোর পর স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পুরো শাহবাগ, কণ্ঠে কণ্ঠে ধ্বনি ওঠে- জয় বাংলা।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু তার চিঠিতে লেখেন, “শহীদ মানিক, টিটো, তোমাদের রক্ত বৃথা যায়নি। শাহবাগ প্রজন্ম চত্বরে ছাত্রযুবক জনতা আজ জয়বাংলা স্লোগানে রাজপথ প্রকম্পিত করে যুদ্ধাপরাধীদের বিচার চাইছে।”

সাদা কাগজে ওই চিঠির ওপরে ডান দিকে তারিখ লেখা ছিল- শাহবাগ, ২০/০২/২০১৩

Image
জাগরণে শামিলএই শিশুরাও

জাগরণে শামিলএই শিশুরাও

হাতে কমলা রংয়ের একটি বেলুন আর চিঠি নিয়ে শাহবাগের প্রজন্ম চত্বরে এসেছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ  সেকান্দর আলী।

আবেগজড়ানো কণ্ঠে তিনি বলেন, “তরুণ প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাজপথে নেমেছে। এ বিচার বাংলার মাটিতে হতেই হবে।”

এ সময় মুক্তিযুদ্ধের সহযোদ্ধা খোরশেদ ও আইয়ুব আলীর কথা স্মরণ করেন তিনি।

আরেক মুক্তিযোদ্ধা খসরুল ইসলাম বলেন, “একাত্তর সালে কিছু বাঙালি হত্যা, নারী নির্যাতন করতে পাকিস্তানিদের উৎসাহিত করেছে। আমাদের মা-বোনের স্মভ্রমহানী করেছে। যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত মা বোনের সম্ভ্রম রক্ষা হবে না।”

শাহবাগে এ প্রজন্মের প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের ছাত্র রাশেদুল হক বলেন, “স্বাধীনতাবিরোধীদের ফাঁসি চাই। এ জন্যই আজ এখানে এসেছি।”

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখে ২১ ফেব্রুয়ারি আবার মহাসমাবেশ হবে শাহবাগে। তার আগে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দেয়া হবে।

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে বিকাল ৩টায় একযোগে একুশের গান গাইতে গণজাগরণ মঞ্চ থেকে আহ্বান জানানো হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবনের রায় ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে শাহবাগে এই আন্দোলনের সূচনা হয়। ১৫ দিন ধরে সেখানে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীর ফাঁসি এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে ছাত্র-জনতা।

এই আন্দোলনে দেশবাসীর অকুণ্ঠ সমর্থনের পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে সরকার।

Image
বেলুন উড়েছে চট্টগ্রামেও

বেলুন উড়েছে চট্টগ্রামেও

আইন সংশোধনের ফলে আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের বিরুদ্ধে যেমন সরকার আপিল করতে পারবে, তেমনি যুদ্ধাপরাধের জন্য দল হিসেবে জামায়াতে ইসলামীরও বিচার করা যাবে।

অন্য দিনের মতো বুধবারও সকাল ৬টায় জাতীয় সংগীতে শুরু হয় দিনের বিক্ষোভ। পরিবেশন করা হয় দেশাত্মবোধক গানও।  

সকালে জনতার ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়াতে থাকে জনতার ভিড়। সমবেত কণ্ঠে চলতে থাকে স্লোগান- ‘জামাত-শিবির রাজাকার/এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই/রাজাকারের ফাঁসি চাই’।

বেলা ১১টার দিকে শুরু হয় শহীদদের উদ্দেশ্যে চিঠি লেখার প্রস্তুতি। সবচেয়ে ভালো চিঠিটি সংরক্ষণ করা হবে বলে গণজাগরণ মঞ্চ থেকে ঘোষণা দেয়া হয়।

বেলা সাড়ে ১১টার দিকে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ‘তোমার আমার ঠিকানা/পদ্মা মেঘনা যমুনা’ স্লোগান দিতে দিতে মিলিত হয় আন্দোলনে। করতালির মধ্য দিয়ে নবীন এ শিক্ষার্থীদের অভিনন্দন জানায় সমবেতরা।

বারডেম হাসপাতালের সামনে কয়েকজন কিশোরকে বাঁশের তৈরি বন্দুক হাতে মুক্তিযোদ্ধা সেজে বসে থাকতে দেখা যায় রাস্তায়। অফিসগামী অনেককেই কাজে যাওয়ার আগে আন্দোলনস্থলে আসতে দেখা যায়।

নারায়রগঞ্জ থেকে আন্দোলনে যোগ দিতে আসা মুক্তিযোদ্ধা মো. শফিকুল আলম চুন্নু বলেন, “তরুণরা রাজাকারদের ফাঁসি নিশ্চিত করে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ শেষ করতে পারবে। তারা সেটি করতে পারলে জাতি কলঙ্কমুক্ত হবে, শহীদদের আত্মা শান্তি পাবে।”

পুরনো খবর:

‘আমরা জেগে আছি’
জেলায় জেলায় উড়ল বেলুন চিঠি নিয়ে