২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরা জেগে আছি’

ঘড়ির কাঁটায় যখন বিকাল ৪টা ১৩ মিনিট, তখন হাজারো বেলুন উড়ল আকাশ পানে।

মঈনুল হক চৌধুরী

সুজন মণ্ডল, গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 12:50 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

এই বেলুন নিয়ে গেল একটি করে চিঠি, যা লেখা হয়েছে মুক্তিযুদ্ধের লাখো শহীদদের উদ্দেশে।

১৯৭১ সালের যে ক্ষণটিতে আত্মসমর্পণের দলিল স্বাক্ষরের মাধ্যমে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের নয় মাসের নৃশংসতার অবসান ঘটেছিল, বুধবার সেই ক্ষণটিতে শহীদদের রক্তঋণ শোধের অঙ্গীকার করল দেশের মানুষ।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা এবং পাকিস্তানি বাহিনীর দোসর জামায়াতকে নিষিদ্ধ করতে গত ১৬ দিন ধরে আন্দোলনরত গণজাগরণ মঞ্চের আহ্বানে এই কর্মসূচি পালিত হয়।

আন্দোলনের কেন্দ্রস্থল শাহবাগে হাজারো মানুষের অংশগ্রহণে বেলুন ওড়ে, সঙ্গে নিয়ে যায় একটি করে চিঠি।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার তার লেখা চিঠিতে লিখেছেন- “বসন্তের মাতাল সমীরণে জনগণের উত্তাল স্রোত…। তোমরা মেঘের কোলে ঘুমিয়ে থেকো, জেগে আছে প্রজন্ম চত্ত্বর, জেগে আছে বাংলাদেশ।”

“বুকের পাঁজরকে হাতিয়ার বানিয়ে যে প্রতিরোধ ব্যুহ গড়ে তুলেছি, তার সামনে সকল অপশক্তি পরাজিত হতে বাধ্য,” লিখেছেন এই আন্দোলনের অন্যতম সংগঠকের।

তিনি আরো লিখেছেন- “আমাদের স্থির ও অবিচল লক্ষ্য মুক্তিযুদ্ধের চেতনাপ্রসূত অসাম্প্রদায়িক বাংলাদেশ। যে শ্বাপদেরা বিরোধিতা করেছিল বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের, আজ তাদেরই সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃতুদণ্ডের দাবিতে আমাদের যুদ্ধ।

“এ যুদ্ধের অনুপ্রেরণা তোমরা, এ যুদ্ধের দিকনির্দেশক তোমরা।”

“শহীদেরা নাকি আকাশে থাকে। আকাশ থেকে মিছিল দেখে, স্লোগান শোনে, উত্তরসূরিদের আশীর্বাদ করে।… চিঠির নামে আমরা নিশ্চয়তার খবর পাঠাচ্ছি। তোমাদের প্রাণের দামে, রক্তের দামে অর্জিত প্রিয় মাতৃভুমি আমরা দেখে রাখব।”

“আর বিশেষ কী লিখব। তোমরা আকাশে আছ, ভালো থেকো,” চিঠির ইতি টেনেছেন ব্লগার ইমরান; নিচে স্বাক্ষরের সঙ্গে লিখেছেন ‘তোমাদের চেতনায় ঋদ্ধ’।

আতিক উদ্দিন লিখেছেন, “তোমাদের ঋণ শোধ করেই বাড়ি ফিরব।”

“তোমরা শান্তিতে ঘুমাও, আমরা জেগে আছি,” লিখেছেন সোনিয়া।

কেউ লিখেছেন সাদা কাগজে, কেউ লিখেছেন টিস্যু পেপারে, কেউ প্যাডের কাগজে- যার কাছে যা ছিল, তা লিখেই নিজের অদম্য ইচ্ছের কথা, প্রতিশ্রুতি পৌঁছে দিয়েছেন আকাশের ঠিকানায়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু লিখেছেন মুক্তিযুদ্ধে শহীদ তার দুই সহযোদ্ধা মানিক ও টিটুর উদ্দেশে।

“তোমাদের রক্ত বৃথা যায়নি। শাহবাগ প্রজন্ম চত্বরে ছাত্র-যুবক-জনতা আজ জয় বাংলা স্লোগানে রাজপথ প্রকম্পিত করে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাইছে।”

সাদা কাগজের এক পাতার চার কলামের এই চিঠি লিখেছেন নাসিরউদ্দিন ইউসুফ।

মাদারীপুরের কালকিনির ষাটোর্ধ্ব মো. সেকান্দর আলী লিখেছেন, “সহযোদ্ধা খোরশেদ ও আলী, তোমাদের হত্যার বিচার হবেই।”

গোলাম আইয়ুব অভ্র লিখেছেন, “প্রিয় লাখো মুক্তিযোদ্ধা, জানি অভিমান জমেছে অনেক। তবে কথা দিলাম রাজাকারদের বিচার করবই।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরিফুল ইসলাম লিখেছেন, “তোমরা ঘুমাও। এই দেশের জন্য আমরা প্রজন্মের পর প্রজন্ম জেগে থাকব।”

শহীদ পরিবারের সদস্য খসরুল ইসলাম একাত্তরে শহীদ কলেজপড়ুয়া ভাই ফখরুল ইসলামের উদ্দেশে লিখেছেন, “একাত্তরে পাকিস্তানি হানাদার ও দোসররা লাখো বাঙালিকে হত্যা করেছে। যুদ্ধাপরাধীদের বিচার না হলে এ দেশের সম্ভ্রম রক্ষা হবে না। তাদের বিচার হবেই।”

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমতি ও ইমন লিখেছেন, বীর শহীদগণ, তোমাদের মৃত্যুর প্রতিশোধ নিতে আমরা জেগেছি। তোমাদের জন্ম ও আমাদের জন্ম বৃথা যেতে দেব না।”

চিঠি লেখার এই কর্মসূচির বিষয়ে অংশগ্রহণকারীরা বলেছেন, ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। এ দিবসের আগমুহূর্তে এমন কর্মসূচির বিকল্প নেই।

“এটা বর্ণমালায় লাখো প্রতিশ্রুতি, প্রিয় মাতৃভূমিকে যুদ্ধাপরাধীমুক্ত করার শপথ।”

শাহবাগের আন্দোলনের আহ্বানে সারাদেশেই শহীদদের উদ্দেশে চিঠি লিখে বেলুন ওড়ানো হয়।

মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে জড়ো হয়ে অধিদপ্তর, আইইডিসিআর, সমন্বিত টিকাদান কর্মসূচির কর্মকর্তা-কর্মচারীরা বেলুনের সঙ্গে একটি কবিতা লিখে পাঠান।

শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বী ও ডা. আলীমের উদ্দেশে এই কবিতাটি লিখেছেন অধ্যাপক এ কে এম শামসুজ্জামান তুষার।

বেলুনে বেঁধে তা ওড়ানোর আগে পড়ে শোনান ৯০ এর অভ্যুত্থানের ছাত্রনেতা, ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন।

গণজাগরণ মঞ্চের মিডিয়া সেল থেকে জানানো হয়, অসংখ্য চিঠি জমা পড়েছে সেলে। তারা চিঠিগুলো সংরক্ষণ করবে।