২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলায় জেলায় উড়ল বেলুন চিঠি নিয়ে

শহবাগের গণজাগরণ মঞ্চের আহ্বানে একাত্তরের শহীদদের উদ্দেশে চিঠি পাঠিয়েছেন দেশের অগণিত তরুণ জাগরণকর্মী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 03:42 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

আকাশে উড়েছে বেলুন। তাতে বাঁধা শহীদদের উদ্দেশে লেখা চিঠি। ১৯৭১ সালে বিকাল ৪টা ১৩ মিনিটে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষরের মাধ্যমে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের নয় মাসের নৃশংসতার অবসান ঘটেছিল।

বুধবার সেই ক্ষণটিতে শহীদদের রক্তঋণ শোধের অঙ্গীকার করল দেশের মানুষ।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা এবং পাকিস্তানি বাহিনীর দোসর জামায়াতকে নিষিদ্ধ করতে গত ১৬ দিন ধরে আন্দোলনরত গণজাগরণ মঞ্চ এ আহ্বান জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-

রাজশাহী: শহীদরা তোমরা শান্তিতে ঘুমাও, জেগেছে আজ তরুণ প্রজন্ম, তোমাদের অসমাপ্ত কাজ তরুণরাই করবে। 

প্রজ্ঞা নামের এক শিশু শহীদদের উদেশে এ চিঠি লিখেছে। তার এই চিঠিসহ শতশত চিঠি নিয়ে রাজশাহীর আকাশে উড়েছে বেলুন।

মহানগরীর বঙ্গবন্ধু চত্ত্বরের গণজাগরণ মঞ্চ, কুমারপাড়া ও লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন স্থান থেকে ওড়ানো হয় এসব বেলুন।

কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে নগরীর কুমারপাড়া মোড়ে অবস্থান নিয়ে বেলুন ওড়ান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ ১৪ দলের নেতাকর্মীরা। নগরীর লক্ষ্মীপুর মোড়ে বেলুন ওড়ান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেলুন ওড়ান উপাচার্য অধ্যাপক ড. মোজাফফর হোসেন খান। এ সময় শ্বিবিদ্যালয়ের শিক্ষক, প্রক্টরসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নওগাঁ: নওগাঁর গণজাগরণ মঞ্চ থেকে চিঠিসহ বেলুন ওড়ানোর সময় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট খায়রুল আনাম হেলাল, ময়নুল হক মুকুল, মহশিন রেজা, মুকুল প্রমুখ।

এ সময় তারা কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি পুনর্ব্যক্ত করেন।

বাগেরহাট: বাগেরহাটের রামপালে সমাবেশ করেছে প্রজন্ম একাত্তর।

সকাল থেকে উপজেলার শ্রীফলতলা হাসিনা চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মাথায় জাতীয় পতাকা বেঁধে জড়ো হয় সমাবেশে।

সমাবেশে চলে গান ও স্লোগান।

বিকাল ৪টা ১৩ মিনিটে চিঠি লিখে খোলা আকাশে বেলুন ওড়ানো হয়।

বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারেও একই কর্মসূচি পালন করেছে বাগেরহাট প্রতিরোধমঞ্চ।

বরগুনা: নতুন প্রজন্ম বরগুনায় শহীদদের স্মরণে জাগরণের চিঠি উড়িয়েছেন। বেলুন উড়িয়ে তারা বন্দর ক্লাবের সামনে প্রতিবাদী কর্মসূচি শুরু করেন।

উদীচী, খেলাঘর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, লোকসঙ্গীত সমিতি সঙ্গীত পরিবেশন করছে।

ফরিদপুর: ফরিদপুরের ইমামউদ্দিন স্কয়ার থেকে চিঠি ও বেলুন পাঠিয়েছে হাজারো জনতা।

এতে অংশ নেন মুক্তিযোদ্ধা-ছাত্র-সংস্কৃতিকর্মীসহ সকল শ্রেণিপেশার মানুষ।

এরপর যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে হাজার কণ্ঠ স্লোগানে-স্লোগানে মুখর হয়ে ওঠে।

জামালপুর: শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের গণজাগরণ মঞ্চ থেকে বেলুন উত্তোলন এবং চিঠি পাঠানো হয়েছে।

এ সময় উপস্থিত সবার কণ্ঠের জাতীয় সঙ্গীত এক অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি করে। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম খোকা, সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম আকন্দ, অ্যাডভোকেট বাকী বিল্লাহ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনু, শিক্ষাবিদ অধ্যাপক মো. সুরুজ্জামান, চেতনায় একাত্তরের জামালপুরের আহবায়ক এনামুল হক তালুকদার রিপন ও যুগ্ম আহবায়ক জামাল পাশা, উদীচীর সদস্য সৈয়দ তানভীর আহমেদ প্রমুখ।

ময়মনসিংহ: দু’টি মঞ্চে মুক্তিযুদ্ধে শহীদদের উদ্দেশে বেলুন উড়িয়েছে গণজাগরণকর্মীরা।

রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ১১টি গ্রুপে খোলাচিঠিসহ ৭১টি বেলুন ওড়ানো হয়। দুর্গাবাড়ি সড়কে জাগো ময়মনসিংহ মঞ্চেও একই কর্মসূচি পালিত হয়।

এ সময় জয়বাংলা ও রাজাকারদের ফাঁসির দাবিতে শ্লোগান দেয় সবাই। কর্মসূচিতে বিভিন্ন শ্রেশিপেশার মানুষ অংশগ্রহণ করে।

নড়াইল: শহরের মুচিরপোল বাসটার্মিনাল এলাকায় এ কর্মসূচি পালিত হয়েছে। এতে প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মুন্সী হাফিজুর রহমান, আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

শেরপুর: শেরপুর জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে গৌরিপুর নতুন বাসটার্মিনালে নির্মাণাধীন মুক্তিযুদ্ধের ভাস্বর্যের  পাদদেশ থেকে ভাষা সৈনিক আব্দুর রশীদের নেতৃত্বে বেলুন ওড়ানো হয়।

এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, শিক্ষাবিদ ড. সুধাময় দাস, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক হারেজ আলী, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।