হাজারিবাগে ব্যবসায়ীর বাসায় ডাকাতি
রাজধানীর হাজারিবাগের জাফরাবাদে এক ব্যবসায়ীর বাসায় মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে।
ডাকাতরা বাসার সবার হাত-পা, মুখ বেধে প্রায় ৩০ভরি সোনার গহনা, নগদ প্রায় ৭০ হাজার টাকাসহ মূল্যবান জিনিষপত্র লুট করে নিয়ে যায়।
জাফরাবাদ পাঠশালা গলির ২৪৫/১ নম্বর বাড়ির গৃহকর্তা সুতা ব্যবসায়ী মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে এই ডাকাতি সংঘটিত হয়। এসময় তিনি বাসায় ছিলেন না।
তিনি স্ত্রীকে উদ্ধৃত করে বলেন, “ডাকাতরা বাসার কলিং বেল টিপলে আমাদের ব্যক্তিগত গাড়ির চালক এসেছে মনে করে আমার ছেলে দরজা খুলে দেয়। এরপর ৬/৭ জনের ডাকাতদল বাসার ভেতর ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে।”
মিজানুর রহমান আরো জানান, ডাকাতদল অস্ত্রের মুখে তার ছোট ছেলে ছাড়া সবার হাত-পা ও মুখ বেধে ফেলে। ওই সময় তাদের গাড়ি চালক আসলে ডাকাতরা তাকেও জিম্মি করে।
প্রায় পৌনে এক ঘন্টা অবস্থান করে তারা বাসা তছনছ করে সোনার গহনা এবং নগদ অর্থ নিয়ে যায়।
পরে তার ছোট ছেলে বের হয়ে আশপাশের লোকজনকে জানানোর পর তারা বাসায় এসে সবাইকে উদ্ধার করে।
হাজারিবাগ থানার ওসি মো. ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পরপরই পুলিশ ডাকাতদলকে গ্রেপ্তারের চেষ্টায় মাঠে নেমেছে।
