সামরিক অধ্যাদেশগুলোকে আইন করতে বিল উত্থাপন
উচ্চ আদালতের রায়ে বাতিল দুই পর্যায়ে সামরিক শাসকদের সময়ে জারি করা অধ্যাদেশগুলো কার্যকরে আইনে পরিণত করতে জাতীয় সংসদে বিল উত্থাপন হয়েছে।
মঙ্গলবারের অধিবেশনে এই সংক্রান্ত দুটি বিলই উত্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
উচ্চ আদালত পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরবর্তীকালে ও জিয়াউর রহমানের সামরিক শাসনামলের এবং এইচ এম এরশাদের সময়ে জারি করা অধ্যাদেশগুলো অকার্যকর হয়ে পড়ে।
‘১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল তারিখ পর্ন্ত সময়ের মধ্যে জারিকৃত কতিপয় অধ্যাদেশ কার্যকরকরণ (বিশেষ বিধান) বিল-২০১৩’ এবং ‘১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর তারিখ পর্যন্ত সময়ের মধ্যে জারিকৃত কতিপয় অধ্যাদেশ কার্যকরে (বিশেষ বিধান) বিল-২০১৩‘ শফিক আহমেদ উত্থাপন করেন।
উত্থাপিত বিল দুটি যাচাই করে দুই দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
সামরিক সরকারের সময়ে জারি করা এসব অধ্যাদেশ আইনি ভিত্তি দিতে গত ১৪ জানুয়ারি দুটি আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইয়া বলেছিলেন, ১৯৭৫ সালের ২০ অগাস্টের পর থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত ৯১টি এবং ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১০ নভেম্বর সময়ের মধ্যে ৮১টি অধ্যাদেশ মিলিয়ে মোট ১৭২টি অধ্যাদেশ জারি করা হয়।
তিনি বলেছিলেন, “হাই কোর্ট সামরিক সরকারের সময়ের অধ্যাদেশ অবৈধ ঘোষণা করেছে। এ অধ্যাদেশগুলোর মধ্যে যেগুলোর আবশ্যিকতা রয়েছে, তার জন্য অধ্যাদেশ জারি করা হবে, আর পরবর্তীতে যে সব আইনের দরকার হবে তা নতুন করে করা হবে।”
সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য গত ২৭ জানুয়ারি রাষ্ট্রপতির অধ্যাদেশ দু’টি কার্যকরে সংসদে উপস্থাপন করেন শফিক আহমেদ।
সংবিধানের ৯৩ (২) অনুচ্ছেদে অধ্যাদেশ জারির পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তা অনুমোদনের কথা বলা হয়েছে।
অধ্যাদেশ সংসদে উপস্থাপনের ৩০ দিনের মধ্যে পাস করাতে হয়।
তবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির অধ্যাদেশ দু’টি আইন প্রণয়নের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে দীর্ঘ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা জানান, সংবিধান অনুযায়ী, জারি করা কোনো অর্ডিনেন্স পরবর্তী সংসদ অধিবেশনেই পাস করতে হয়। এই রকম ১৭২টি অধ্যাদেশ রয়েছে। সংশোধনসহ অধ্যাদেশের সংখ্যা সাড়ে পাঁচশ’ হবে।
বিপুল সংখ্যক অধ্যাদেশ পর্যালোচনা করে ৩০ দিনের মধ্যে পাস করা সময়সাপেক্ষ বলে এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাষ্ট্রপতির অধ্যাদেশ দুটি বিল আকারে সংসদে আনা হবে বলেও সেদিন বলেছিলেন, মোশাররফ হোসেন।
মন্ত্রিসভার বৃহস্পতিবারের বৈঠকে সামরিক সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে উত্থাপনের অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
“এখন মন্ত্রিসভার সিদ্ধান্তে রাষ্ট্রপতির অধ্যাদেশ বিল আকারে সংসদ উত্থাপন করা হবে। সংসদে তা পাস হলে কার্যকারিতা বজায় থাকবে। সরকারি কাজের ধারাবাহিকতা থাকবে। জনস্বার্থ বিঘ্নিত হবে না,” বলেছিলেন সচিব।
আইনের বিষয়ে তিনি বলেন, “আমব্রেলা ল’ এর মতো হবে। এটি মন্ত্রিসভা নীতিগত এবং ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।”
